নানুরে কুয়ো থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা, তদন্তে পুলিশ
বর্তমান | ০৮ মে ২০২৬
সংবাদদাতা, বোলপুর: ভোট পরবর্তী হিংসার আবহ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে ফের বীরভূমের নানুরে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের নওয়ানগর কড্ডা অঞ্চলের একটি খেলার মাঠ সংলগ্ন অগভীর কুয়োর ভিতরে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি একটি ড্রাম। বাইরে থেকে যাতে সহজে বোঝা না যায় সেই কারণে কুয়োটির মুখ ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রামের মধ্যে প্রায় কুড়িটি তাজা বোমা মজুত রয়েছে।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। এরপর উদ্ধার করা হয় ড্রাম ভর্তি বোমাগুলি। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ভোট পরবর্তী অশান্তির আবহে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।