চন্দ্রনাথ রথের শ্যুট আউট কাণ্ডে এবার নাম জড়াল শিল্পাঞ্চলের, শুরু তদন্ত
বর্তমান | ০৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের শ্যুটআউট কাণ্ডের ঘটনায় নাম জড়াল শিল্পাঞ্চলের। ঘটনাস্থলের কিছুটা দূরেই পরিত্যক্ত অবস্থায় একটি বাইক উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, খুনের ঘটনায় ওই বাইকটি ব্যবহার হয়েছিল। এরপর বাইকের নম্বর প্লেট খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সেটির মালিকের নাম বিভাস ভট্টাচার্য। বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছিল হিরাপুর থানার ইস্কোর এ বি টাইপ কোয়ার্টারে।
এই বিষয়টি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে বিষয়টি অবগত করানো হয়। এরপরই হীরাপুর থানার পুলিশ এ বি টাইপের নির্দিষ্ট কোয়ার্টারে পৌঁছে তদন্ত শুরু করে। যদিও সেখানে বিভাস ভট্টাচার্য বলে কারও হদিশ মেলেনি। কোয়ার্টারে থাকা ধরমবীর কুমারের দাবি, এই নামে তিনি কাউকেই চেনেন না।