নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কারণ হিসেবে জানা যাচ্ছে, ডাউন লাইনে গাছ পড়ে যাওয়ার ফলেই পরিষেবা ব্যাহত হয়েছে। গত কয়েকদিন ধরেই শহর কলকাতায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়াও। তার ফলেই মাটি কোনওভাবে আলগা হয়ে আচমকাই গাছটি উপড়ে পড়ে লাইনের উপর। আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদের এই ঘটনায় স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হয়। নাকাল হন যাত্রীরাও। তবে যে সময়ে গাছটি উপড়ে পড়ে সেই সময় ওই লাইনে কোনও মেট্রো ছিল না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মেট্রোর মুখ্য সংযোগ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে ওই লাইনে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে গাছ সরানোর কাজ চলছে। আপাতত উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। খুব শীঘ্রই পুরো পরিষেবাই স্বাভাবিক হয়ে যাবে।