উপনির্বাচনে বিজেপি প্রার্থী: চর্চায় লকেট-সঞ্জীবের নাম
বর্তমান | ০৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচন। শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীর যে একটি করে বিধানসভা আসন ছেড়ে দেবেন, সেখানে সবমিলিয়ে দু’টো উপনির্বাচন। অর্থাৎ, পুনর্নির্বাচন এবং উপনির্বাচন মিলিয়ে আগামী দিনে রাজ্যের মোট তিনটি বিধানসভা আসনে ভোট রয়েছে। রাজ্য বিজেপিকে এবার ৩-০ ফলের ‘টার্গেট’ বেঁধে দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসাবে কোনো একটি আসনে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব সান্যালের নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছে। যদিও উপনির্বাচনে তাঁর ভোটে লড়ার সম্ভাবনা নিয়ে যাবতীয় জল্পনা লকেট উড়িয়ে দিয়েছেন। এব্যাপারে বঙ্গ বিজেপির প্রাক্তন সাংসদের সংক্ষিপ্ত মন্তব্য, এখনই গাছে কাঠাল গোঁফে তেল দিয়ে কোনো লাভ নেই।
আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। শপথগ্রহণের পর সরকার গঠন হলেই তিনটি বিধানসভা আসনের ভোট নিয়ে প্রস্তুতিতে ঝাঁপ দেবে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে এখবর জানানো হয়েছে। আগামী ২১ মে ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচন হবে। কোন দু’টি আসনে উপনির্বাচন হবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দু’টো আসনেই জিতেছেন। একটি আসন ছাড়বেন। অন্যদিকে হুমায়ুন কবীর জিতেছেন রেজিনগর এবং নওদা বিধানসভা আসন দু’টিতে। নিয়ম মতো শুভেন্দুবাবু এবং হুমায়ুন কবীর দু’জনকেই একটি আসন ছেড়ে দিতে হবে। শুভেন্দু অধিকারী যে আসনটি ছাড়বেন, সেই কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী হিসাবে লকেট ও সঞ্জীব সান্যালের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।