নয়াদিল্লি: দিল্লিগামী বিমানে হেনস্তার শিকার মহুয়া মৈত্র। বৃহস্পতিবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে রাজধানী যাচ্ছিলেন তৃণমূল সাংসদ। দিল্লিতে নামার আগেই মহুয়াকে উদ্দেশ করে কটূক্তি করেন বেশ কয়েকজন। সেই ঘটনার ভিডিয়োও করা হয়। এদিন এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো রিপোস্ট করে মহুয়া লেখেন, ‘আমি ৬ই ৭১৯ ফ্লাইটের ১এফ আসনে ছিলাম। অবতরণের পর দরজা খোলার আগে বিমানের পিছন থেকে ৪-৬ জনের একটি গ্রুপ আমাকে উদ্দেশ করে কটূক্তি করেন। গোটা ঘটনার ভিডিয়োও করেন তাঁরা।’ মহুয়া আরও জানান, এটা নাগরিক ক্ষোভ নয়, হেনস্তা। এই ঘটনায় বিমানে আমার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। পদ্মশিবিরের যে সমস্ত ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন, তাঁরা রেহাই পাবেন না। পরের পোস্টে মহুয়া লিখেছেন,
‘এটাই বিজেপির সংস্কৃতি। এতে কেউ অবাক হচ্ছেন কেন? আমি বিষয়টি উপেক্ষা করে বিমানবন্দর থেকে
বৈঠকে যোগ দিতে চলে গিয়েছিলাম। পরে কেউ কেউ আমাকে ওই
ভিডিয়োটি ফরওয়ার্ড করে। সংঘীরা সেটা ভাইরাল করছিল। সেই কারণেই আমি বিষয়টি নিয়ে সরব হয়েছি। ইন্ডিগো কর্তৃপক্ষ আমাকে এ বিষয়ে অভিযোগ জানাতে বলেছেন। আমি সেটাই করছি।’
মহুয়াকে হেনস্তার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন জোড়াফুল শিবিরের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডুর কাছে। যদিও বিমান সংস্থার তরফে কোনো বক্তব্য জানা যায়নি। এর আগে গত ৪ মে ভোটের ফলপ্রকাশের পর হেনস্তার শিকার হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।