• বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ নীতীশপুত্র সহ শপথ ৩২ জনের
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • পাটনা: নীতীশ কুমারের জেডিইউ এখন অতীত। বিহারে শুরু হয়েছে বিজেপি শাসন। গত ১৫ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এছাড়াও উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন জেডিইউয়ের বীজেন্দ্রপ্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী। বৃহস্পতিবার আরও ৩২ জন শপথ নিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন নীতীশ-পুত্র নিশান্ত কুমার। এদিন পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন এবং সংযুক্ত জনতা দলের সভাপতি নীতীশ কুমার উপস্থিত ছিলেন। 

    বৃহস্পতিবারের সম্প্রসারণের জেরে সম্রাট চৌধুরীর এনডিএ মন্ত্রিসভার ৩৫ জন সদস্যের মধ্যে বিজেপির সদস্য দাঁড়াল ১৬ জন। জেডিইউয়ের ১৫ জন রয়েছেন। এছাড়া লোকজনশক্তি পার্টির দু’জন এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা (সেকুলার) ও রাষ্ট্রীয় লোক মোর্চার একজন করে সদস্য যুক্ত হলেন। মন্ত্রিসভায় ওবিসি, ইবিসি, বর্ণ হিন্দু, দলিত এবং মহিলাদের স্থান হয়েছে। আগের নীতীশ কুমার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকেই ঠাঁই দেওয়া হয়েছে। নিশান্ত কুমারের মতোই শ্বেতা গুপ্তা (জেডিইউ), মিথিলেশ তেওয়ারি (বিজেপি), শৈলেশ কুমার (জেডিইউ) নতুন মুখ। বিহার বিধানসভায় ২৪৩ জন সদস্য। সেই হিসাবে বিহারে সর্বাধিক ৩৬ জন মন্ত্রী হতে পারেন। 

    তবে আলোচনা শুরু হয়েছে নিশান্তকে নিয়ইে। প্রথম থেকেই তিনি মন্ত্রিসভায় শামিল হতে চাননি। তিনি দলীয় সংগঠনেই মনোনিবেশ করতে চান বলে জানিয়েছিলেন। তাই তাঁকে ছাড়াই গত ১৫ এপ্রিল জেডিইউয়ের বীজেন্দ্রপ্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরীকে উপ মুখ্যমন্ত্রী করে শপথ নেন সম্রাট। বৃহস্পতিবার অবশ্য গান্ধী ময়দানেই তাঁকে বাবার কাছে আশীর্বাদ নিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, শপথ নেওয়ার আগে মঞ্চে বসে থাকা নীতীশের পা ছুঁয়ে প্রণাম করছেন নিশান্ত।  বিহার মন্ত্রিসভার নয়া সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)