• সাইবার প্রতারণায় শীর্ষে বেঙ্গালুরু
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণা। মেট্রোপলিটন শহরগুলিই প্রাথমিকভাবে টার্গেট সাইবার প্রতারকদের। তার মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। ২০২৪ সালে ওই শহরে ১৭ হাজার ৫৬১টি সাইবার প্রতারণার অভিযোগ জমা পড়েছে বলে খবর। সদ্য প্রকাশিত এনসিআরবি’র রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তবে প্রতিবেদন বলছে, ২০২৩-এর থেকে সাইবার প্রতারণার সংখ্যা কিছুটা কমেছে ২০২৪ সালে। ২০২৩ সালে ১৭ হাজার ৬৩১টি সাইবার প্রতারণার ঘটনা ঘটেছি বেঙ্গালুরুতে। ২০২৪-এ সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৬১। এদিকে, দেশজুড়ে বিদেশিদের উপর অপরাধের ঘটনাও ক্রমাগত বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এই তালিকায় শীর্ষে দিল্লি। ২০২৪ সালে ৬৪টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তার আগের বছর ৬৩টি ও ২০২২ সালে ৪০টি মামলা নথিভুক্ত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অর্থাৎ তিন বছরে অপরাধ ধারাবাহিকভাবে বেড়েছে। এনসিআরবি রিপোর্ট আরও বলছে, ২০২৪ সালে গোটা দেশে মোট অপরাধের সংখ্যা কমেছে। দেশে মোট ৫৮ লক্ষ ৮৫ হাজার অপরাধের মামলা হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬২ লক্ষ ৪১ হাজার। অর্থাৎ এক বছরে প্রায় ৬ শতাংশ অপরাধ কমেছে। খুন, নারী নির্যাতন, দলিতদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও কিছুটা কমেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)