• পুনর্ভবা নদীর জলস্তর বেড়ে কৃষিজমি জলের তলায়, ধান ও মসুরের ক্ষতি
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, হবিবপুর: বিক্ষিপ্ত বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের আগ্রা ভবানীপুর সহ একাধিক এলাকার বিস্তীর্ণ এলাকায় কৃষিজমি জলের তলায়। বিঘার পর বিঘায় ধান ও মসুর নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

    বৃহস্পতিবার নৌকায় চেপে ডুবে যাওয়া কৃষিজমি পরিদর্শন করেন বিধানসভা নির্বাচনে সদ্য জয়ী হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জন্য পুনর্ভবা নদীর জল দ্রুত বাড়তে শুরু করেছে। ফলে নদীর পাশের নীচু এলাকায় চাষের জমিতে হু হু করে জল ঢুকে পাকা ধান ডুবে যায়। পাশাপাশি, মসুর খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। এখন জলের তলায় থাকা ফসলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। বহু কৃষকের পরিবার সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। ফসল নষ্ট হয়ে যাওয়ায় সংসার চালানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত প্রশাসনের কাছে সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কৃষক বীরেন সিং বলেন, প্রায় পাঁচ বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ধান চাষ করেছিলাম। জলে ডুবে বেশির ভাগ ধান নষ্ট হয়ে গিয়েছে। পরিবার নিয়ে কী করে সংসার চালাব বুঝতে পারছি না।

    খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান জোয়েল মুর্মু। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। জোয়েল বলেন, হঠাৎ বৃষ্টির জন্য জল বেড়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। লিখিতভাবে প্রশাসনের কাছে বিষয়টি জানানোর কথা বলেছি। সরকার গঠনের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

    এদিকে, নদীর জল আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন কৃষকেরা।
  • Link to this news (বর্তমান)