• দলের প্রথম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান দেখতে কলকাতায় বিজেপি সমর্থকরা
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, মালদহ: রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দলে দলে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপির মালদহের নেতাকর্মী সমর্থকরা। তবে, দলের ব্যবস্থাপনায় নয়। নিজেদের গাঁটের কড়ি খরচ করে বুধবার রাত থেকেই ট্রেন, বাস, ভাড়া করা গাড়িতে কলকাতা রওনা হতে শুরু করেছেন বিজেপি কর্মীরা।

    মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, কলকাতায় শপথ অনুষ্ঠানের সাক্ষী হতে আমিও যাচ্ছি। আরও অনেক নেতাকর্মী, সমর্থক যাচ্ছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে তাঁর স্বপ্নের সরকার গঠিত হতে চলেছে। এই দিনটির জন্যই আমাদের এত লড়াই, রাজনৈতিক আন্দোলন। আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। তাই বুক ভরা আনন্দ আর চোখ ভরা স্বপ্ন নিয়ে দলের অসংখ্য নেতাকর্মী ব্রিগেডমুখী।

    অজয় জানান, সাধারণ কর্মী হিসাবে মাঠে বসে শপথ দেখবেন। তার আগে অবশ্য রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখান থেকে বেরিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। অবশ্য, রাতেই তিনি জেলায় ফিরবেন। কারণ, জেলায় এখনও অনেক সাংগঠনিক কাজ বাকি রয়েছে।

    শুধু সংগঠনের নেতানেত্রীরাই নন, বিজেপির কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরাও দলে দলে কলকাতা রওনা হতে শুরু করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে। ইংলিশবাজার পুরসভার বিজেপি কাউন্সিলার তথা মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, সকাল থেকে একের পর এক মহিলা ফোন করছেন। সকলেই ব্রিগেডে যেতে চাইছেন। সবাইকে হয়তো নিয়ে যেতে পারব না। কিন্তু বিজেপির প্রতি তাঁদের এতো ভালোবাসা দেখে ভীষণ আনন্দ হচ্ছে। কখনও ভাবিনি পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। আমি এবং অনেকে ব্রিগেডে দলের মন্ত্রিসভার শপথের সাক্ষী থাকতে যাচ্ছি। তবে, দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নেতাকর্মী, সমর্থকদের ব্রিগেডে নিয়ে যাওয়ার জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে না। বিজেপির মালদহ উত্তর সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহের কথায়, আমরা দলকে ভালোবাসি। তাই যাঁরা ব্রিগেডের পথে, নিজেদের খরচে সুশৃঙ্খলভাবেই যাচ্ছেন। আমরা জনগণের কাছে তোলা তুলে দল করি না। নিজেদের সাধ্যমতো খরচ করে দলকে ভালোবেসে কাজ করি। এটাই আমাদের আদর্শ।

    নীচুতলার অনেক সমর্থকও নিজেদের ব্যবস্থাপনায় কলকাতার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন। আবার যাঁরা ইচ্ছা থাকলেও যেতে পারছেন না, তাঁদের মন খারাপ। ইংলিশবাজারের এক বিজেপি সমর্থক শুভাশিস দাস বললেন, ট্রেনের টিকিট পাচ্ছি না। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকা হবে না। টিভিতে দেখে দুধের স্বাদ ঘোলেই মেটাব। তবে, রাজ্যে বিজেপির সরকার এসেছে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)