• পুরসভা দখলের ছক, লক্ষ্য মহকুমা পরিষদও, ঘুঁটি সাজাচ্ছে পদ্ম
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সুব্রত ধর, শিলিগুড়ি: আগামী ন’মাসের মধ্যেই পুরভোট। তাই এবার শিলিগুড়ি পুরসভা দখলের টার্গেট পদ্ম শিবিরের। তারা বিধানসভা ভোটের ফলাফলকে সামনে রেখে ঘুঁটি সাজানোর ছক কষেছে। মহকুমা পরিষদ ঘিরেও তাদের পরিকল্পনা একই রকম। বৃহস্পতিবার মহকুমা পরিষদে মিষ্টি বিলি করেন বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁ। এমন প্রেক্ষাপটে দলের ভাঙন রুখতে তৎপর তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিজেপির নতুন সরকার গঠনের পর তৃণমূলের শিলিগুড়ি পুরসভার পরিষদীয় কমিটি বৈঠকে বসবে বলে খবর।

    শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড সংখ্যা ৪৭টি। যারমধ্যে ১৪টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অধীনে। বাকি ৩৩টি ওয়ার্ড দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। বিধানসভা ভোটে দুই কেন্দ্রের অধিকাংশ ওয়ার্ডেই বিজেপির লিড। এমন প্রেক্ষাপটে পুরসভার মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি তুলেছে দলের একাংশ। তাতে একজন কাউন্সিলারও রয়েছেন। কাউন্সিলারদের একাংশ পদ্ম শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন বলেও বিজেপি সূত্রে খবর। এনিয়েই রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, পুরবোর্ডে ভাঙন ধরতে পারে।

    বর্তমানে ৩৭টি ওয়ার্ড তৃণমূলের কব্জায়। বিজেপির দখলে পাঁচটি, সিপিএম চারটি এবং কংগ্রেসের দখলে একটি ওয়ার্ড রয়েছে। পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন অবশ্য বলেন, এখন অনেকেই আমাদের দিকে পা বাড়িয়ে আছেন। কিন্তু আমরা দল ভাঙাভাঙির খেলায় যাব না। দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা দলের সংস্কৃতি বজায় রাখব।

    তৃণমূল সূত্রে খবর,আগামীতে দলীয় কাউন্সিলারদের ভূমিকা, সুষ্ঠুমতো পুরসভা পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তৃণমূলের পরিষদীয় কমিটির সভাপতি ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, প্রতি মাসেই পরিষদীয় কমিটির বৈঠক হয়। এবারও হবে।  

    ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হবে। এদিকে বিধানসভার ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিজেপি। পুরসভার বিরোধী দলনেতা বলেন, শুধুমাত্র ৬ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে সমস্ত ওয়ার্ডেই লিড পেয়েছি। সংযোজিত ওয়ার্ডগুলিতেও এগিয়ে। এই ফলাফল সামনে রেখে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুঁটি সাজাচ্ছি। পুরভোটেও তৃণমূলকে নাস্তানাবুদ করব।

    এদিকে, এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদে মিষ্টি বিলি করেন বিরোধী দলনেতা অজয় ওরাওঁ। তিনি বলেন, বাংলায় বিজেপির সাফল্যের জন্যই মহকুমা পরিষদের কর্মী ও আধিকারিকদের মিষ্টি মুখ করিয়েছি। তৃণমূলের বড় বড় নেতারা বিজেপিতে আসার চেষ্টা করছেন। এখন কাউকেই নেওয়া হবে না। আমরা ‘ডাবল ইঞ্জিনের’ সরকারের টেস্ট গ্রামবাসীদের পরখ করিয়ে নির্বাচনের মধ্যদিয়েই মহকুমা পরিষদ দখল করব। এবিষয়ে মহকুমা পরিষদের সভাধিপতি তৃণমূলের অরুণ ঘোষ অবশ্য কোনো মন্তব্য করতে  চাননি। উল্লেখ্য, ২০২৭ সালের ২৬ জুলাই মহকুমা পরিষদের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হবে। 
  • Link to this news (বর্তমান)