মৃত্যুর আগে চন্দ্রনাথকে ফোন করেন বিজেপি বিধায়ক শংকর
বর্তমান | ০৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মৃত্যুর ঠিক আগেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে দলীয় কারণে ফোন করেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কথা বলতে বলতে গলার স্বর জড়িয়ে যায় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের। বারবার কী হয়েছে প্রশ্ন করেও জবাব পাননি শংকর। কিছু মানুষের চিৎকারও শোনেন। গোটা বিষয়টি বলতে গিয়ে বৃহস্পতিবার রীতিমতো কেঁদে ফেলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। তিনি প্রথমে ভেবেছিলেন ফোনের নেটওয়ার্কের সমস্যা। তাই ফোন কেটে ফের একবার ওঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্ট করেন শংকর। কিন্তু ফোন বেজে যায়। এরপরে ফের কল করলে কেউ একজন ফোন তুলে ঘটনার কথা জানান। তখন শুভেন্দু অধিকারীকে ফোন করেন শংকর ঘোষ। ফোনে জবাব না পেয়ে মেসেজে সমস্ত বিষয়টি জানান। সেই সময় কোলাঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু। মেসেজ পেয়ে দ্রুত মধ্যমগ্রামের পথ ধরেন তিনি। শংকর বলেন, দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। দলীয় কাজে সবসময় ব্যস্ত থাকার কারণে অনেক ক্ষেত্রে নেতা-কর্মীদের ফোন রিসিভ করতে পারতেন না শুভেন্দুবাবু। সেই সময় বরাবর মুশকিল আসান করতে হাজির থাকতেন চন্দ্রনাথ। দলের বিভিন্ন প্রান্তের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকত তাঁর। শংকরের দাবি, তিনিও চন্দ্রনাথের সঙ্গে সবসময় যোগাযোগ করতেন। রাতে ১০টা নাগাদ তিনি ফোন করেছিলেন নিজের একটি বার্তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য।