• ‘রাজনৈতিক পোস্ট’ করে বিতর্কে বিশ্বভারতীর ছাত্র
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্কে জড়াল বিশ্বভারতীর এক গবেষক ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক গবেষক ছাত্রের তৈরি করা একটি ভিডিয়ো নিয়ে আপত্তি ওঠার পর তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এমনটাই সূত্রের খবর। যদিও উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এটি সম্পূর্ণ বিভাগীয় বিষয়, ওখানেই তার সমাধান হয়ে গেছে। উপাচার্য এই ঘটনার বিষয়ে কিছু জানতেন না। তাঁর কোনো ভূমিকা নেই। ওই ছাত্র বিশ্বভারতীর একটি বিভাগের সঙ্গে যুক্ত, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বভারতী কোনো রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করে না। আগেও বিভিন্ন ধরনের পোস্টার পড়েছিল, সেগুলিও সরিয়ে ফেলা হয়েছে।

    জানা গিয়েছে, রাজ্যে সম্প্রতি রাজনৈতিক পালাবদলের আবহে অর্থনীতি বিভাগের এক গবেষক ছাত্র একটি ভিডিয়ো তৈরি করে ফেসবুকে পোস্ট করেন। বিশ্বভারতীর বিদ্যাভবনে ওই বিভাগে তৈরি করা সেই ভিডিয়োতে তাঁকে হাতে ঝালমুড়ি নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি তিনি বলেন, আমাদের বাংলার বিখ্যাত ঝালমুড়ি, যে ঝালমুড়ি খেয়ে সরকার চেঞ্জ হয়েছে। আমরাও এখন সেই ঝালমুড়ি ট্রেন্ড চালু করছি। আমাদের বিশ্বভারতীতেও এখন কিছু চেঞ্জ হতে চলেছে।

    ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে চাপানউতোর শুরু হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার উপাচার্যের তরফে অর্থনীতি বিভাগের উপর এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা হয়। পরে ওই ছাত্রকে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। চিঠিতে ওই গবেষক নিজের পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেন ও ভবিষ্যতে বিভাগ বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনো বিতর্কিত পোস্ট করবেন না বলেও উল্লেখ করেন। অন্যদিকে, ওই গবেষক ছাত্রের ঘনিষ্ঠ মহলের দাবি, ভিডিয়োটি নিছক মজার ছলে তৈরি করা হয়েছিল। এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

    উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে ঝালমুড়ি খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘ঝালমুড়ি ট্রেন্ড’ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিয়ো তৈরি হতে শুরু করে। সেই প্রেক্ষিতেই ওই গবেষক ছাত্রের ভিডিয়োটি তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)