• গুজরাটে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে বাঁকুড়ার দুই মেয়ের জাতীয় দলে ঠাঁই
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: যোগাসনে প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে জায়গা করে নিলেন কোতুলপুর ও বিষ্ণুপুরের দুই মেয়ে। কোতুলপুরের টিনা খাতুন ও বিষ্ণুপুরের সম্পূর্ণা শীল। চলতি বছরের জুন মাসে গুজরাটের আমেদাবাদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হবে। সেখানে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন টিনা ও সম্পূর্ণা। আগামী শনিবার তাঁরা কলকাতায় উড়ান ধরবেন। 

    অল বাঁকুড়া যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ্তাম্বর হালদার বলেন, যোগাসনে এই প্রথমবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হচ্ছে। আগামী ৪ থেকে ১০ জুন গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগিরা অংশ নেবেন। কোতুলপুরের টিনা ও বিষ্ণুপুরের সম্পূর্ণা ভারতীয় দলের হয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রতিনিধিত্ব করবেন। আমরা দু’জনের সাফল্য কামনা করছি। 

    টিনা খাতুন বলেন, জাতীয় স্তরে একাধিকবার সাফল্য পেয়েছি। এই প্রথমবার আন্তর্জাতিক স্তরে সুযোগ পেয়েছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। একইভাবে ছোট্ট সম্পূর্ণা বলে, আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার জন্য সর্বতোভাবে চেষ্টা করব। 

    স্থানীয় এবং অ্যাসোশিয়েশন সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরের বাসিন্দা টিনা ছোটো থেকেই স্থানীয় ইলেভেন বুলেট ক্লাবে যোগাসন অনুশীলন করে আসছেন। বর্তমানে তিনি বিষ্ণুপুর স্বাস্থ্যজেলার অধীনে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মরতা। একই সঙ্গে তিনি নিজের ক্লাবের কোচ হিসাবে ছাত্রছাত্রীদেরও নিয়মিত যোগাসন অনুশীলন করান। 

    অন্যদিকে, বিষ্ণুপুরের মড়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী সম্পূর্ণা শীল স্থানীয় শুভারম্ভ যোগা একাডেমিতে অনুশীলন করে। দু’জনেই চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সাফল্য পান। সেইসঙ্গে গত ১ ও ২ মে হরিয়ানার সোনিপথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতীয় দলের বাছাই পর্ব চলে। সেখানে বাঁকুড়া জেলার এই দুই মেয়ে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে নির্বাচিত হন।
  • Link to this news (বর্তমান)