• বড়ঞায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি, প্রতিবাদে কাজ বন্ধ
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, কান্দি: নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে। এমনই অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দিলেন। বৃহস্পতিবার বড়ঞা থানার বৈদ্যনাথপুর এলাকার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। 

    মুর্শিদাবাদ জেলা পরিষদের তরফে প্রায় পাঁচ কিলোমিটার ওই রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ঞা ব্লকের সুন্দরপুর বাথান এলাকা থেকে রাস্তাটি শুরু হয়েছে। সেটি ফেলুর মিনিতলা হয়ে বৈদ্যনাথপুর বাসস্টপেজের কাছে শেষ হচ্ছে। প্রায় ৪.৯৩৫ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৫১ হাজার ৫৯০ টাকা। সম্প্রতি সেখানে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। বুধবার ঢালাই দেওয়ার কাজ শুরু হয়। প্রথম দিনে প্রায় এক কিলোমিটার ঢালাইয়ের কাজ শেষ হয়েছিল। এরপর এদিন ফের ঢালাই দেওয়া শুরু হলে বাসিন্দাদের একাংশ নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভ দেখান। পরে রাস্তার কাজ বন্ধ করে দেন।

    বাসিন্দা মোজাহার শেখ বলেন, একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। সিমেন্ট এতটাই কম দেওয়া হয়েছে যে প্রথমে যেখানে রাস্তা শুরু হয়েছিল, ওই জায়গা ছেড়ে ছেড়ে পড়ছে। ছ’ইঞ্চি ঢালাই দেওয়ার কথা লেখা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র তিন ইঞ্চি।

    অপর বাসিন্দা জুলমত শেখ বলেন, সামান্য বৃষ্টি হলে জমির জল রাস্তায় উঠে পড়বে। ফলে বাসিন্দাদের সমস্যা সেই তিমিরেই রয়ে যাবে। এসব কারণে আমরা রাস্তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। যদিও সংশ্লিষ্ট ঠিকাদারের ইঞ্জিনিয়ার অমর মণ্ডল বলেন, বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন। ঢালাইয়ের পুরুত্ব ঠিকই রয়েছে, জমির লেভেল থেকে রাস্তা উঁচুও করা হচ্ছে। নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার হচ্ছে না। রাস্তার কাজ বন্ধ হয়ে পড়ায় আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। 

    এনিয়ে মুর্শিদাবাদে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)