• ৮ বছর পর ফিরলেন ৫০ জন ঘরছাড়া
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ আট বছর পরে বাগনান থানার ন’পাড়া অঞ্চলে ঘরছাড়া পরিবারের ৫০ জন সদস্য ফিরলেন বাড়িতে। রাজ্যে পালাবদলের পরে বৃহস্পতিবার সেভ ডেমোক্রেসি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঘরছাড়ারা এদিন ঘরে ফেরেন। সূত্রের খবর, আজ শুক্রবারও এইরকমভাবে আরও বেশ কয়েকজন ঘরছাড়া ঘরে ফিরবেন।

    জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তৃণমূলের অত্যাচারে ন’পাড়া অঞ্চলের প্রায় আড়াই হাজার বাসিন্দা ঘরছাড়া হন। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে কয়েকজন গ্রামে ফিরলেও ৫০টি পরিবারের প্রায় ২৫০ জন ঘরে ফিরতে পারেননি। বৃহস্পতিবার তাদের মধ্যেই ৫০ জন নিজেদের বাড়িতে ফিরলেন।

    এই ঘরছাড়াদের একজন হাফিজুল মিদ্দে জানান, ২০১৮ সাল পর্যন্ত আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলাম। তবে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে আমদের টিকিট দেওয়া হয়নি। তখন আমরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আর তাই ভোটের দিন থেকেই আমরা আড়াই হাজার জন ঘরছাড়া হয়ে যাই। পরবর্তী সময়ে অনেকে বিভিন্নভাবে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরতে পারলেও আমরা ২০০ জন ফিরতে পারিনি। আদালত থেকেও আমাদের ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পুলিশ মিথ্যা মামলা দেওয়ায় দীর্ঘদিন আমরা ঘরে ফিরতে পারিনি। আজ আট বছর পর আমরা বাড়ি ফিরলাম। খুব ভালো লাগছে, শান্তি লাগছে। অন্যদিকে সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তী জানান, হাইকোর্ট একাধিকবার এঁদের ঘরে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু মিথ্যা মামলার কারণে এরা ঘররে ফিরতে পারছিলেন না। শেষে রাজ্যে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় আজ এরা ঘরে ফিরতে পারলেন।
  • Link to this news (বর্তমান)