ভোট পরবর্তী হিংসা নিয়ে ৩টি প্রতিবাদ কর্মসূচি বামফ্রন্টের
বর্তমান | ০৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে পরপর তিনদিন তিনটি কর্মসূচি নিয়েছে বাম এবং বাম মনোভাবাপন্ন দলগুলি। বৃহস্পতিবার সিপিআই (এমএল) লিবারেশন এবং এসইউসি ধর্মতলায় লেনিন মূর্তির সামনে একটি জমায়েত করে। আজ, শুক্রবার বামফ্রন্ট ও লিবারেশন ধর্মতলা থেকে চক্র মিছিলের ডাক দিয়েছে। আবার শনিবার বাম মনোভাবাপন্ন মানুষেরা বাগবাজার থেকে জোড়াসাঁকো পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে। এদিনের জমায়েতে এসইউসি থাকলেও, আজ, শুক্রবারের মিছিলে তারা থাকছে না বলেই খবর। লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার বলছিলেন, আমরা এদিন জমায়েতের ডাক দিয়েছিলাম। এসইউসিকে আহ্বান করায় তারা সাড়া দিয়েছে। বামফ্রন্ট শুক্রবার ডাক দিয়েছে। সেখানেও আমরা থাকব। এদিন লেনিন মূর্তির পাদদেশে জমায়েতে স্লোগান ছিল, ভোটে জয় মানে সন্ত্রাসের লাইসেন্স নয়। উপস্থিত ছিলেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার, বাসুদেব বসু, এসইউসির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, অমিতাভ চট্টোপাধ্যায় প্রমুখ। দীপঙ্করবাবু বলেন, বাংলার মানুষ সন্ত্রাসের লাইসেন্স দেয়নি। দোষীদের শাস্তির দাবি করছি। কেন্দ্রীয় বাহিনীর জন্য নাকি শান্তিপূর্ণ নির্বাচন হল। বিএলও-রা মারা গেলেন, প্রাক নির্বাচনি সন্ত্রাস ও পরবর্তীতে বাহিনীর কী ভূমিকা?