• পশ্চিমবঙ্গে সিএএ-তে মঞ্জুর ১৮ হাজার জনের নাগরিকত্ব
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: গত কয়েকমাসে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গের ১৮ হাজার জনের ভারতীয় নাগরিকত্বের আবেদন মঞ্জুর হয়েছে। সূত্রের খবর, এরাজ্যে সিএএর অধীন নাগরিকত্ব চেয়ে প্রায় দেড় লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১৮ হাজার আবেদনকারীর হাতে ইতিমধ্যে নাগরিকত্বের শংসাপত্র পৌঁছে গিয়েছে। বাকিদের আবেদনের মধ্যে ৫৬ হাজার আবেদনকারীর আইবি বা প্রয়োজনীয় গোয়েন্দা যাচাই চলছে। আর বাদবাকি আবেদন জেলায় জেলায় যাচাই স্তরে রয়েছে। 

    বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিগত আড়াই থেকে তিন মাসে গতি পায় সিএএ’র অধীন নাগরিকত্ব প্রদানের কাজ। একাধিক যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় অনলাইনে জমা পড়া আবেদন। যাচাই প্রক্রিয়ার সম্পূর্ণ হলে তবেই প্রদান করা হয় নাগরিকত্বের শংসাপত্র। প্রথম যাচাইয়ের দায়িত্বে থাকে জেলাস্তরের নির্দিষ্ট কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি (ডিএলসি)। আবেদনকারীদের জমা দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি হিয়ারিংয়েও ডাকা হয় তাঁদের। এর পরবর্তী পর্যায় হয় আইবি এনকোয়ারি। এই সমস্ত স্তর পেরিয়ে আসা একটিও আবেদন বর্তমানে পড়ে নেই পশ্চিমবঙ্গের ডিরেক্টরেট অব সিটিজেন রেজিস্ট্রেশনসের অফিসে। অর্থাৎ, ডিরেক্টরেট অফিসে বর্তমানে পড়ে থাকা আবেদনের সংখ্যা শূন্য। জানা গিয়েছে, আবেদন জমা পড়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। তবে আবেদনকারীদের মধ্যে অধিকাংশই হলেন উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায়। সূত্রের খবর, গত তিন মাসে এক ধাক্কায় আবেদনের সংখ্যা অনেকটা বেড়েছিল। একইভাবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে সিএএ’র আওতায় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের হারও বৃদ্ধি পেয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, এসআইআর আবহে নাগরিকত্বের আবেদন সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। প্রসঙ্গত, মার্চ মাসে দ্রুত নাগরিকত্বের শংসাপত্র প্রদানের লক্ষ্যে দুটি এম্পাওয়ার্ড কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই কাজে গতি আনতে মোট চারটি এমন কমিটি গঠন করা হয়েছিল। প্রতিটি কমিটির মাথাতেই ছিলেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। ফলে রাজ্যে নির্বাচনি আবহেও জোর কদমে চলেছে সিএএ আবেদন যাচাই এবং নাগরিকত্ব প্রদানের কাজ। 

    ধর্মীয় নিপীড়নের কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে চলে আসা অমুসলিম শরণার্থীদের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের) সিএএ’র আওতায় ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য পরে এই সময়সীমা বাড়িয়ে করেছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। 
  • Link to this news (বর্তমান)