• জাতীয় শিক্ষানীতি মেনে প্রচলিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পালটে যাবে কি? জল্পনা রাজ্যের শিক্ষামহলে
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাচ্ছে এর মধ্যেই। তবে, প্রচলিত পদ্ধতির পরীক্ষা ব্যবস্থার কি এটাই শেষ বছর? এমন জল্পনাই তৈরি হয়েছে শিক্ষামহলের মধ্যে। জাতীয় শিক্ষানীতি ২০২০-তে স্কুলশিক্ষায় আমূল সুপারিশের কথা বলা হয়েছে। অনেক শর্ত মেনে নিলেও রাজ্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করে বেশকিছু ব্যতিক্রম রেখেছিল। এবার রাজ্যেও ডবল ইঞ্জিন সরকার। তাই রাজ্য শিক্ষানীতি পরিবর্তন করে হুবহু জাতীয় শিক্ষানীতি চালু করার পথেই হাঁটতে পারে পশ্চিমবঙ্গ।

    জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, স্কুলশিক্ষা পদ্ধতি হবে ৫+৩+৩+৪ মডেলে। প্রথমটি হবে ফাউন্ডেশনাল স্টেজ। এর মধ্যে থাকবে প্রাক-প্রাথমিক, অঙ্গনওয়াড়ি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণির মতো ধাপগুলি। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকবে প্রিপারেটরি স্টেজ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত থাকবে মিডল স্টেজ। আর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত থাকবে সেকেন্ডারি স্টেজ। বর্তমানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিভক্ত স্কুলশিক্ষা ব্যবস্থা। নয়া ব্যবস্থায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষার গুরুত্ব কিছুটা কমানোই হয়েছে। একটির পরিবর্তে দুটি পরীক্ষার সুপারিশ করা হয়েছিল। 

    তবে, এবছর থেকে কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসই যেভাবে বছরে দুটি পরীক্ষা নিচ্ছে, সেটিই মডেল হতে চলেছে বলে স্কুলের প্রধানদের মত। প্রথম পরীক্ষাটি আবশ্যিক। দ্বিতীয় পরীক্ষায় বসা যাবে কোনো একটি বা একাধিক বিষয়ের ফল ভালো করার জন্য। দুটি পরীক্ষা মিলিয়ে যেটা ভালো ফল হবে, সেটিই গ্রহণ করা হবে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য। তবে সেমেস্টার পদ্ধতি নয়, বরং মুখস্থ বিদ্যার চেয়ে প্রতিযোগিতামূলক শিক্ষায় জোর দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষাকেও মুখস্থ করে উগরে দেওয়ার গ্রাস থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে শিক্ষানীতিতে। 

    তবে, এক্ষেত্রে ইতিমধ্যেই (দেশের মধ্যে সর্বপ্রথম) সেমেস্টার পদ্ধতি চালু করেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরীক্ষায় তৃতীয় সেমেস্টার বা মূল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফাইনাল সেমেস্টারের জন্য তা নেই। জাতীয় শিক্ষানীতি মানলে, ফাইনাল সেমেস্টারেও সাপ্লিমেন্টারি পরীক্ষা বা পুরোপুরি পরীক্ষার একটি দ্বিতীয় সংস্করণ গ্রহণ করতে পারে সংসদ। যদিও, জাতীয় শিক্ষানীতিতে পরীক্ষার এই পরিবর্তনগুলি নিয়ে নানা মুনির নানা ব্যাখ্যা রয়েছে। তবে, বর্তমান ব্যাখ্যা অনুযায়ী এই দিকেই ধাবিত হতে পারে পরীক্ষা পদ্ধতি। 
  • Link to this news (বর্তমান)