• বিধাননগর, রাজারহাট-নিউটাউন, রাজারহাট-গোপালপুর, ৩ কেন্দ্রেই কমেছে নোটায় ভোটদান!
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোনো দলের প্রার্থীকে পছন্দ না হলে নোটায় ভোটদানের ব্যবস্থা আছে ভারতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর, এই তিন কেন্দ্রের প্রতিটিতে দু’হাজারের উপর ভোট নোটায় পড়েছিল। কিন্তু এবার নোটায় ভোটদানের আগ্রহ কমেছে এই তিন কেন্দ্রেই। তুলনামূলক পরিসংখ্যানে দেখা গিয়েছে, গতবারের চেয়ে এবার অনেকটাই কমেছে নোটায় ভোটদানের সংখ্যা। রাজনৈতিক মহলের মতে, এবার গেরুয়া ঝড় হয়েছে। তৃণমূলের দখলে থাকা এই তিনটি কেন্দ্রেই বিজেপি জয়ী। ফলে নোটায় ভোটদানের পরিমাণ কমেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল ২ হাজার ২১৩। এবার এই কেন্দ্রে নোটায় পড়েছে ১ হাজার ৩৮২ ভোট। এই কেন্দ্রে এবার বিজেপির ভোট ৯৭ হাজার ৯৭৯। তৃণমূল কংগ্রেসের ভোট ৬০ হাজার ৬৪৯। ৩৭ হাজার ৩৩০ ভোটে জয়ী বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। গতবার এই কেন্দ্রে ৭ হাজার ৯৯৭ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুজিত বসু। অন্যদিকে গতবার রাজারহাট-নিউটাউন কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল ২ হাজার ৩২টি। এবার এই কেন্দ্রে ভোট পড়েছে ১ হাজার ৭৯২টি। এই কেন্দ্রে বিজেপির ভোট পড়েছে ১ লক্ষ ৬ হাজার ৫৬৪। তৃণমূলের ভোট পড়েছে ১ লক্ষ ৬ হাজার ২৪৮। ৩১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী পিযূষ কানোরিয়া। গতবার এই কেন্দ্রে ৫৬ হাজার ৪৩২ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। একইভাবে গতবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল ২ হাজার ২৫৮। এবার পড়েছে ১ হাজার ৫৬৮। অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই নোটায় ভোট কমেছে। অথচ এবার প্রতিটি কেন্দ্রে গতবারের চেয়ে বেশি ভোট পড়েছে। এই কেন্দ্রে এবার বিজেপি ভোট পেয়েছে ১ লক্ষ ১ হাজার ২৭৭। তৃণমূলের প্রদত্ত ভোট ৭৩ হাজার ৫২০। এখানে ২৭ হাজার ৭৫৭ ভোটে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি জয়ী। গতবার এই কেন্দ্রে ২৫ হাজার ২৯৬ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের অদিতি মুন্সি। 
  • Link to this news (বর্তমান)