নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন অভিযুক্ত স্বামী ও ননদ। দু’জনেই জামিনে ছিলেন। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা (বিচারভবন) আদালত অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেয়। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান এদিন বলেন, দেরিতে হলেও আমাদের মক্কেলরা আদালত থেকে ন্যায়বিচার পাওয়ায় ভালো লাগছে। ২০১২ সালে কলকাতার হেস্টিংস থানা এলাকায় ৪৫ বছরের এক বধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃতার পরিবারের অভিযোগ ছিল, স্বামী ও ননদের নির্যাতনের জেরে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আদালতে সাক্ষ্য দেন ন’জন। দীর্ঘ শুনানি শেষে দু’জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।