• গায়ে আগুন মহিলার, শ্বাসকষ্টে মৃত্যু দুই নাবালক সন্তানের
    এই সময় | ০৮ মে ২০২৬
  • পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন লাগালেন এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর দুই মেয়ের। শ্বাসকষ্টের কারণেই মৃত্যু হয়েছে ওই দুই নাবালিকার বলে জানিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের শামলি জেলার (Uttar Pradesh's Shamli district) ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে শামলি থানার কিরানা (Kairana) এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে বন্দনা (১০) এবং দেড় বছর বয়সি জসপ্রীত-এর। নিজের ঘরেই গায়ে আগুন লাগিয়ে দেন অনিতা। বিছানায় বসেই গায়ে আগুন লাগান তিনি। বন্ধ ঘরে আগুন লাগানোর কারণে তা ধোঁয়ায় ভরে যায়। এই কারণেই মৃত্যু হয়েছে অনিতার মেয়ে বন্দনা এবং জসপ্রীতের।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে পারিবারিক বিবাদের জেরেই গায়ে আগুন লাগান অনিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিতার স্বামী জসসি বাড়িতে ছিলেন না। তখনই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনিতা। বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন।

    ওই এলাকার পুলিশ আধিকারিক হেমন্ত কুমার জানিয়েছেন, খবর পেয়েই সেখানে যায় পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় তিন জনকেই। সঙ্গে সঙ্গেই ওই দুই নাবালিকা এবং তাদের মাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসক বন্দনা এবং জসপ্রীতকে মৃত ঘোষণা করেন। অনিতার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

    কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)