'ফুলপিসি ও এডওয়ার্ড'- এ ঋষভ বসু, কোন চরিত্রে? ১০ বছর পর কাজ করার অভিজ্ঞতা কেমন?
আজকাল | ০৮ মে ২০২৬
প্রকাশ্যে ফুল পিসি ও এডওয়ার্ড ছবির নতুন পোস্টারে৷ ঋষভ বসুর অভিনীত চরিত্রের নাম রাজা। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জি জুটির পরিচালনায় আসতে চলেছে নতুন রহস্যধর্মী ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড'। আগামী ২৯ মে, ২০২৬ ছবিটি মুক্তি পাবে৷
পোস্টারে ঋষভ বসুর চরিত্রটি রাজকীয় এবং রহসয়ময়৷ এই ছবিতে রাজার চরিত্রে বিভিন্ন শেড, গোপন রহস্য এবং গল্পের নানা বাঁকে আবেগ এবং উত্তরের খোঁজ থাকবে বলেই আশা করা যাচ্ছে৷ মুক্তির আগেই ছবির সাসপেন্স নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে।
প্রায় এক দশক পর উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন ঋষভ বসু। অভিনেতা বলেন, “টেকনিক্যালি এটা উইন্ডোজের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ২০১৬ সালে শিবুদা আর নন্দিতাদির সঙ্গে অনুপম রায়-এর মিউজিক ভিডিও হিস্ট্রোজেন-এ কাজ করেছিলাম। তারপর প্রায় ১০ বছর পর, ২০২৬ সালে শিবুদা এই ছবি আর চরিত্রের জন্য আমাকে ফোন করেন। আমি আপ্লুত৷ সবটাই যেন স্বপ্নের মতো লাগছিল। ২০১৬-র পর আর একসঙ্গে কাজ না হওয়ায় আমার খুব খারাপ লাগত, কারণ আমি সত্যিই আবার উইন্ডোজের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। কোথাও যেন সেই ইচ্ছেটাই মনে মনে ধরে রেখেছিলাম, আর শেষ পর্যন্ত সেটা সত্যি হল। সময় লেগেছে দশ বছর, কিন্তু স্বপ্নটা পূরণ হয়েছে।”
পরিচালক নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ঋষভ বলেন,
“উইন্ডোজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই আলাদা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের মতো সম্পূর্ণ ভিন্ন দুই ব্যক্তিত্ব একসঙ্গে এলে একটা ম্যাজিক তৈরি হয়। শিবুদা ভীষণ এনার্জেটিক, আবেগপ্রবণ এবং প্রতিটি দৃশ্যের খুঁটিনাটির দিকে নজর দেন৷ কাজ করার সময় ওঁর এনার্জি ইউনিটের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে৷ উনি যখন কোনও দৃশ্য বুঝিয়ে দিতেন নিজে অভিনয় করে, তখন ভাবতাম এই মাপের অভিনয়ের সঙ্গে তাল মেলাতে পারব তো?"
নন্দিতা রায় প্রসঙ্গে ঋষভ বলেন, "নন্দিতাদি অত্যন্ত শান্ত, একেবারে মায়ের মতো। মিউজিক ভিডিওর সময়ও আমি এটা লক্ষ্য করেছিলাম। উনি খুব সূক্ষ্ম কিছু বিষয় পরামর্শ দেন, একটা ছোট্ট ইনপুট — কিন্তু সেটা অভিনয়ে প্রয়োগ করলে পুরো দৃশ্যটাই যেন বদলে যায়। শুধু পরিচালনাই নয়, পুরো ইউনিটকেও উনি পরিবারের মতো আগলে রাখেন।”
শুটিংয়ের সময়ের কথা বলতে গিয়ে ঋষভ বলেন, “উইন্ডোজের সঙ্গে কাজ করা মানেই যেন একটা পরিবারের অংশ হয়ে ওঠা। কোনও সময়ই মনে হয়নি আমি এত বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছি। সবসময় মনে হয়েছে শিবুদা আমাদের বড় দাদার মতো আর নন্দিতাদি মায়ের মতো স্নেহশীল। এই কাজের অভিজ্ঞতা আমার মনে থেকে যাবে৷”
'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবিটি প্রযোজনা করছে উইন্ডোজ প্রোডাকশন৷ রহস্য, নস্টালজিয়া, সম্পর্ক এবং আবেগের মিশেলে তৈরি এই ছবি দেখার অপেক্ষায় দর্শকরা৷ প্রতিটি নতুন চরিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে৷