• প্রকাশ্যে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের দ্বিতীয় ঝলক, কবে থেকে আসছে জি বাংলার এই মেগা?
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আসছে জি বাংলার নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। প্রকাশ্যে এসেছে সিরিয়ালের দ্বিতীয় প্রমো। সঙ্গে জানা গেল কবে থেকে এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শকেরা।

    মার্চ মাসের শেষের দিকে দেখা যায় ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের প্রথম ঝলক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, এপ্রিল মাসেই সম্প্রচারিত হবে এই ধারাহিক। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সামনে এসেছে সিরিয়ালটির দ্বিতীয় প্রোমো। আগামী ১ জুন থেকে জি বাংলায় আসছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।

    একেবারে ভিন্ন স্বাদের গল্প বলবে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মেয়ের সংগ্রামের কাহিনি দেখতে পাবে দর্শকেরা। পুত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে স্বামী তাকে ও তার তিন মেয়েকে ছেড়ে চলে যায়। একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী।

    গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এক মেয়ের চরিত্রে থাকবেন স্বস্তিকা ঘোষ, অন্য এক মেয়ের চরিত্রে ইপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয়জন সম্ভবত নতুন মুখ। গল্পে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রোমোতে স্বস্তিকা ও সৌম্যদীপের জুটির রসায়নের ঝলক দেখা গিয়েছে।

    বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সোমা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি বারবার দর্শকের মন জয় করেছেন‌। এবারের চরিত্রটির মধ্যে মিশে রয়েছে মায়া-মমতায় ভরা এক লড়াকু মা।

    অন্যদিকে, স্বস্তিকাও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'র মুখ্য চরিত্রে মন জয় করেছিলেন। আর সৌম্যদীপ জি বাংলার 'জগদ্ধাত্রী'তে মুখ্যচরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। এই দুটি ধারাবাহিকই প্রায় চার বছর চলেছিল। সাধারণত এখন ধারাবাহিকের মেয়াদ কমে এসে কয়েক মাসে ঠেকেছে‌‌। সেখানে এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সেই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও দুই আলাদা ধারাবাহিকের নায়ক-নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে নতুন এই মেগা।
  • Link to this news (আজকাল)