• হেরেও কুর্সিতে স্ট্যালিন? এডিএমকে-র সঙ্গে জোট হলে যাত্রাভঙ্গ হবে বিজয়ের, কলকাঠি নাড়ছে বিজেপি?
    এই সময় | ০৮ মে ২০২৬
  • তামিলনাড়ুর বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা সত্ত্বেও, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় টিভিকে প্রধান থালাপতি বিজয়ের সরকার গঠনের দাবি দু’বার খারিজ করেছেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে সে রাজ্যে চিরপ্রতিপক্ষ ডিএমকে এবং এডিএমকে-র জোট সরকার নিয়ে জল্পনা তৈরি হতেই শুক্রবার লোকভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস এবং টিভিকে-র কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, বিজয়কেই সরকার গড়ার জন্য ডাকুন রাজ্যপাল। এই বিক্ষোভের মধ্যেই বিজয় নিজের বাসভবন থেকে বেরিয়ে চেন্নাইয়ে দলীয় কার্যালয়ে গিয়েছেন। তবে এ দিনও তিনি রাজ্যপালের কাছে যাবেন কি না, তা স্পষ্ট নয়।

    টিভিকে তামিলনাড়ু বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেসের হাত ধরে ১১২ জন বিধায়কের সমর্থন নিয়ে বুধবার সরকার গঠনের দাবি জানাতে গিয়েছিলেন বিজয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তাঁকে ফিরিয়ে দেন। বৃহস্পতিবার বিজয় ফের রাজ্যপালের কাছে যান। রাজ্যপাল তাঁকে জানান, শপথগ্রহণের আগে ১১৮ জন নির্বাচিত প্রতিনিধির সই আনতে হবে। এ সব নিয়ে জল্পনার মধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে নানা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। কানাঘুষো শোনা গিয়েছে, ডিএমকে-এডিএমকে নাকি হাত মিলিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারে। এ-ও শোনা গিয়েছে, তেমন হলে টিভিকে-র ১০৮ জন বিধায়কই প্রতিবাদে ইস্তফা দিতে পারেন।

    এই পরিস্থিতিতে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন তাঁর দলের বিধায়কদের বলেছেন, ‘বিভিন্ন নেতার কাছ থেকে প্রস্তাব এসেছে। সব খতিয়ে দেখা হচ্ছে। হাই কমান্ড সিদ্ধান্ত নিলে তা সকলকে মানতেই হবে।’ সূত্রের খবর, এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্ট্যালিনের হাতেই তুলে দিয়েছে দল। কিন্তু বিজেপির জোটসঙ্গী এডিএমকে-র সঙ্গে তাঁর হাত মেলানোর জল্পনা ঘনিয়ে উঠতেই সমালোচনার মুখে পড়েছেন স্ট্যালিন। দলীয় একটি সূত্রের অবশ্য দাবি, এডিএমকে এনডিএ থেকে বেরোলে তবেই ডিএমকে জোটের কথা ভাববে, এমন প্রস্তাবও নাকি রাখা হতে পারে।

    যদিও এই সম্ভাবনার কথা প্রকাশ্যে অস্বীকার করেছেন ডিএমকে-র মুখপাত্র টিকেএস এলানগোভান। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা সম্ভব। কারণ ডিএমকে এবং এআইডিএমকে তামিলনাড়ুর রাজনীতিতে চিরপ্রতিপক্ষ।’ যদিও ডিএমকে-র সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়া কংগ্রেসের বক্তব্য, বিজেপির অঙ্গুলিহেলনে তামিলনাড়ুর রাজনীতিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডিএমকে বিজেপির রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস।

  • Link to this news (এই সময়)