কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান দক্ষিণেশ্বরের মন্দিরে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বৈঠক রয়েছে। সূত্রের খবর, রাজ্যে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় কারা থাকবেন, তা ঠিক করার সেই বৈঠকে থাকবেন শাহ।। শনিবার সকালে ব্রিগেডে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেখানেও থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
সূত্রের খবর, বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের আগে নিউ টাউনের হোটেলে যাবেন শাহ। সেখানে মধ্যাহ্নভোজ সারবেন। তার পর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করবেন। নিউ টাউনের ওই হোটেলেই তাঁর রাত্রিবাস করার কথা। শনিবার সকালে সেখান থেকেই তাঁর যাওয়ার কথা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
রীতি অনুযায়ী পরিষদীয় দলের নেতাই পরবর্তী সরকারের মুখ্যমন্ত্রী হন। সেই নেতা নির্বাচনে পর্যবেক্ষকের ভার রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের উপরে। সেই কাজে তাঁর সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। এর বাইরে বাকি মন্ত্রিসভা কেমন হতে পারে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা শুক্রবারের দলীয় বৈঠকে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খাঁ, রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ-সহ প্রথম সারির নেতারা বুধবার বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে গিয়ে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন।