• চন্দ্রনাথ খুনে ব্যবহৃত আরও একটি বাইক উদ্ধার, নিখোঁজ দ্বিতীয় গাড়িটি কি ভিন রাজ্যের?
    এই সময় | ০৮ মে ২০২৬
  • কারা খুন করলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে (৪২)? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যেই শুক্রবার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও উদ্ধার করল পুলিশ। তবে আরও একটি চার চাকা গাড়ির হদিশ এখনও মেলেনি। সেটা ভিন রাজ্যের বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এখন এই বাইকের মালিক এবং গাড়িটিকে হয়ে খুঁজছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসতের ১১ নম্বর রেলগেটের কাছ থেকে বাইকটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর নম্বর ‘WB 24B M4052’। এর আগে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছের ভ্যাট থেকে আরও একটি বাইক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। অবশ্য তার নম্বরপ্লেটটি ছিল ভুয়ো। এ দিন বাজেয়াপ্ত করা বাইকটির নম্বরপ্লেট, ইঞ্জিন ও চেসিস নম্বর আসল কি না, খতিয়ে দেখছে পুলিশ। অনুমান করা হচ্ছে, খুনের পরে এই বাইকে করেই পালিয়েছিল দুষ্কৃতীরা। তার পরে রেলগেটের কাছে সেটা ফেলে অন্য গাড়িতে চম্পট দেয়। উল্লেখ্য, ইতিমধ্যে আইপিএস অজয় ঠাকুরের নেতৃত্বে ৭ সদস্যের সিট গঠন করা হয়েছে। ভাড়াটে খুনিদের সুপারি দেওয়ার নেপথ্যে কে রয়েছেন, তাঁরা তদন্ত করে দেখছেন?

    বুধবার রাতে স্করপিও গাড়িতে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ। সেই সময়ে তাঁর পথ আটকায় একটি ছোট গাড়ি। নেমে আসে কয়েক জন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায় তারা। গাড়ির কাচ ভেদ করে গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তার পরেই বাইকে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

    খুনের পরে একটি গাড়ি রাস্তাতেই পড়ে ছিল। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে একটি লাল রঙের গাড়িও দেখা গিয়েছে। এখনও পর্যন্ত সেই গাড়িটির কোনও হদিশ মেলেনি। সেটা সম্ভবত ভিন রাজ্যের বলেই মনে করছেন তদন্তকারীরা।

    ভিন রাজ্যে চন্দ্রনাথ খুনের অপরাধীরা যাতে লুকিয়ে না থাকতে পারে, তার জন্য ইতিমধ্যেই সমস্ত রাজ্যের STF ও ATS-কে সতর্ক করে দেওয়া হয়েছে। আততায়ীদের ধরতে কেন্দ্রের সব এজেন্সি একসঙ্গে কাজ করছে বলেও জানা গিয়েছে। তবে শুধু ভিন রাজ্যের নয়, হত্যাকাণ্ডে স্থানীয় দুষ্কৃতীদেরও হাত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। আততায়ীরা যে ভাবে অলিগলি দিয়ে পালিয়েছে, তাতে পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত না থাকলে সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

  • Link to this news (এই সময়)