পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চরম বিপর্যয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। মাত্র ৮০টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এর পরেই একের পর এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তৃণমূলের একাধিক মুখপাত্র। দলের বিরুদ্ধে মুখ খোলায় পাঁচ জন মুখপাত্রকে শোকজ় করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রে খবর, দলের মুখপাত্র কোহিনুর মজুমদার, ঋজু দত্ত, পাপিয়া ঘোষ, কার্তিক ঘোষ, কৃষ্ণেন্দু চৌধুরীকে শোকজ় নোটিস পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষার কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন এই নোটিস পাঠিয়েছেন। নোটিসে জানানো হয়েছে, বেশ কিছু সংবাদমাধ্যমে এই মুখপাত্রদের দেখা গিয়েছেদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করতে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ মে তৃণমূল কংগ্রেসের তরফে একটি নোটিস জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, বেশ কিছু নেতা-নেত্রী দলবিরোধী কিছু মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে করছেন। এই ধরনের মন্তব্য সেই নেতা-নেত্রীদের একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
এই নোটিস জারি করার পরেও তৃণমূলের একাধিক নেতা, মুখপাত্রের দলের বিরুদ্ধে বিশ্লেষণাত্মক আলোচনা বা মন্তব্য বন্ধ হয়নি। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তরফে এই পদক্ষেপ করা হলো বলে ধারণা রাজনৈতিক মহলে।