অবশেষে জট কাটল। শীঘ্রই স্থায়ী উপাচার্য পেতে চলেছে দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকা রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়— মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
তিন বছর ধরে নানা টালবাহানার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের জট কাটল। নানা কারণে এই তিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঝুলে ছিল। সম্প্রতি বাছাই প্রক্রিয়ার পরে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্যের নামে সিলমোহর দিল। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ৪ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সদ্য জট কাটা এই তিন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। গত মার্চে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। ম্যাকাউটের জন্য ১৫ জন পদপ্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। সে ক্ষেত্রে ১৭ জনকে ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন ১৪ জন। একই ভাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হয় পদপ্রার্থীদের। তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হলো স্থায়ী উপাচার্য। ম্যাকাউটের উপাচার্য হচ্ছেন তাপস চক্রবর্তী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বৈপায়ন ভরদ্বাজ এবং নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে রাজন চক্রবর্তী উপাচার্য হচ্ছেন।
চলতি বছরের জানুয়ারি মাসেও একগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে নিমাইচন্দ্র সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, বাবাসাহেব আম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্রের নাম। তাঁরা সকলেই গত ১৯ ফেব্রুয়ারি নিয়োগপত্র হাতে পেয়েছেন। সেই সঙ্গে ওই দিনই লোকভবনের তরফে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সঞ্চারী রায় মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মিতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়।