আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদল। এই সময়ে মুর্শিদাবাদে পুলিশি ধরপাকড়ের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ। এবার বোমা সরাতে গিয়ে দু’হাত হারাল ১৮ বছরের এক কিশোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সালার থানার খাড়েরা গ্রামে। আহত যুবকের নাম বাদশা ওরফে রমজান শেখ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালারের তৃণমূল নেতা ফাইজাল শেখের বাড়ির অদূরেই পুকুরপাড়ে মজুত করা ছিল তাজা বোমা। রাত আটটা নাগাদ সেই বোমা সরাতে গিয়েই ঘটে বিপত্তি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে দু’হাত উড়ে যায় রমজানের। রক্তাক্ত অবস্থায় পুকুরপাড়ে লুটিয়ে পড়ে সে।
সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, বাড়িতে তল্লাশি হতে পারে এমন অনুমান করে ফাইজাল কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার রাতে বোমা সরাচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। পুলিশ ইতিমধ্যে ফাইজালকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা।
স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি আহত ওই কিশোরকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে তার দু'টি হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। রাতেই গোটা খাড়েরা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। ইতিমধ্যেই ডাকা হয়েছে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। এলাকায় আরও বোমা মজুত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই এই সালার থেকেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে তৃণমূল কর্মী, ফাইজাল শেখ। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৭.৬৫ এমএম পিস্তল ও কার্তুজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোট-পরবর্তী হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই ফাইজালের মতো বিভিন্ন দুষ্কৃতী বাহিনী বোমা মজুত করছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুলিশি ধরপাকড় শুরু হতেই মজুত বোমা সরাতে গিয়েই ঘটে যায় বিপত্তি ।
একের পর এক অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে খাড়েরা সহ গোটা সালার এলাকায়। ভোট মিটলেও মিটছে না আতঙ্ক।