আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি। শপথ শনিবার। তার আগে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে ফের চাঁচাছোলা দিলীপ ঘোষ। ঘোষণা করে দিলেন, বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। নয়া সরকারের অধীনে 'সংখ্যালঘু উন্নয়ন' দপ্তর থাকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী।
শুক্রবার সকালে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, নতুন মন্ত্রিসভায় তাঁর কোন দপ্তরর পছন্দের? তিনি বলেন, "বাংলায় সার্বিক উন্নয়ন প্রয়োজন। তাই প্রতিটি দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা কর্মী, কার্যকর্তা। আমাদের ভোটে লড়তে বলা হয়েছিল। আমরা লড়েছি। জিতেছি। সামনে একটা বড় মিশন। আমাদের সবাইকে সেই মিশন সাফল হতে হবে।"
এরপর খড়গপুরের জয়ী বিজেপি প্রার্থীকে প্রশ্ন করা হয়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আদৌ থাকবে? থাকলে মন্ত্রী কে হবেন? কারণ, বিজেপির কোনও সংখ্যালঘু বিধায়ক নেই। জবাবে দিলীপ চাঁছাছোলা ভাবে বলেন, "সংখ্যালঘুদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আবার কী উন্নয়ন হবে? আমাদের লক্ষ্য 'সবকা সাথ সবকা বিকাশ'। বিগত বছরগুলিতে ৮০ বছর ধরে শুধু সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে। অথচ তারা গরিব। তারা অশিক্ষিত। তারা ক্রিমিনাল। বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না।"
ভোটের ফল বেরনোর পরই বাংলায় নানা প্রান্তে হামলা, হিংসার খবরে আতঙ্ক, উদ্বেগ ছড়িয়েছে। নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। শপথ ৯ তারিখ। তারপর ঠিক কী হতে চলেছে? দিলীপবলেন, "পুরনো সরকারের পুরনো সংস্কৃতি চলছে। এখনও পুলিশের ঘুম পুরোপুরি ভাঙেনি। হাতের চুড়ি পুলিশ এখনও পুরোপুরি খুলে উঠতে পারেনি। সেগুলি খুলতে হবে। শপথের পরে এগুলির পরিবর্তন হবে। যাঁরা এগুলি করছেন তাঁদের যথেষ্ট অসুবিধায় পড়তে হবে।"