আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়ার ঘড়িবড়ি এলাকার রাজবাড়ি আবাসনে সোমবার সকালে যা ঘটল, তা দেখে থমকে গিয়েছিলেন আবাসিকরা। সিনেমার পর্দায় বীরু মদের বোতল নিয়ে জলের ট্যাঙ্কে চড়েছিলেন বাসন্তীর মন জয় করতে, কিন্তু বাস্তবের এই বীরু-বাসন্তী যা করলেন তাতে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র উত্তেজনা আর চাঞ্চল্য। সাতসকালে আবাসিকরা ছাদে গিয়ে দেখেন, আবাসনের ওভারহেড জলের ট্যাঙ্কের ওপর হাতে মদের বোতল নিয়ে চড়ে বসে আছে এক যুগল। শুধু সেখানে বসে থাকাই নয়, ট্যাঙ্কে কত গ্যালন জল আছে তা মাপার অছিলায় মদ্যপ অবস্থায় তারা ট্যাঙ্কের ভেতরেও নেমে পড়ে। এতেই ক্ষোভে ফেটে পড়েন আবাসনের বাসিন্দারা।
আবাসিকরা চিৎকার করে তাদের নিচে নেমে আসতে বললে যুবকটি কোনওক্রমে ট্যাঙ্কের ওপর থেকে নেমে আসে। তবে তার বান্ধবী প্রথমে কিছুতেই নামতে রাজি হচ্ছিলেন না। দীর্ঘক্ষণ সেখানে বসে থাকার পর যখন তিনি বাঁশের মই বেয়ে নামার চেষ্টা করেন, তখনই ঘটে বড়সড় বিপত্তি। অত্যন্ত মদ্যপ অবস্থায় থাকায় ভারসাম্য হারিয়ে ওই তরুণী মই থেকে সজোরে ছাদের ওপর আছড়ে পড়েন এবং তাঁর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় ওই যুবক তড়িঘড়ি তাঁর বান্ধবীকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যান।
আবাসিকদের অভিযোগ, ওই যুবক ওই আবাসনেরই বাসিন্দা এবং তাঁর বান্ধবী বালির বাসিন্দা। ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য সেখানে একটি বাঁশের মই রাখা ছিল, তা দিয়েই তারা চিলেকোঠার ছাদে উঠে এই কাণ্ড ঘটায়। এই ঘটনার ফলে ট্যাঙ্কের সমস্ত জল নোংরা হয়ে যাওয়ায় আবাসিকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বাধ্য হয়েই সেই জল ফেলে দিয়ে নতুন করে ট্যাঙ্ক পরিষ্কারের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ওই আবাসনে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবীণ আবাসিকদের অনেকেই এই ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, পর্দার হিরোগিরি বাস্তবে অনুকরণ করতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশকে বিঘ্নিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজটা কোন দিকে যাচ্ছে, তা নিয়েই এখন আবাসিকদের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।