• বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, বিজেপি বিধায়ক দল বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত হল। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই জয়ী হওয়ার পর তাঁর রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছিল। বিশেষ করে ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রায় ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করার ঘটনাকে বিজেপি “ঐতিহাসিক মোড়” বলে ব্যাখ্যা করছে।

    বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিধায়ক দল বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করেছেন। যদিও শমীক ভট্টাচার্যের নামও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিল, শেষ পর্যন্ত শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নির্বাচনী সাফল্য তাঁকে এগিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়।

    এদিন কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠক ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। নবনির্বাচিত বিধায়করা একে একে বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালও। সূত্রের খবর, তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁর নাম উঠে আসছে।

    বৈঠকে যোগ দেওয়ার আগে অগ্নিমিত্রা পাল বলেন, “আজ ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। বাংলার মানুষ বিজেপিকে বিপুল সমর্থন দিয়েছেন, তার জন্য আমরা তাঁদের ধন্যবাদ জানাই।” তাঁর এই মন্তব্য বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা হলে বিজেপি বাংলায় শক্তিশালী সাংগঠনিক বার্তা দিতে পারবে। একদিকে তিনি দক্ষিণবঙ্গের জনপ্রিয় মুখ, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের অন্যতম প্রধান কৌশলবিদ হিসেবে উঠে এসেছেন। নন্দীগ্রামের লড়াই থেকেই তিনি রাজ্যের রাজনীতিতে বড় প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

    অন্যদিকে, অগ্নিমিত্রা পালকে উপ মুখ্যমন্ত্রী করা হচ্ছে। নারী নেতৃত্বের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল বিজেপি। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা অগ্নিমিত্রা ইতিমধ্যেই দলের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

     বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের দাবি, এই ফলাফল বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। এর অপেক্ষায় ছিলেন বঙ্গের বিজেপি সমর্থকরা। 
  • Link to this news (আজকাল)