• ব্রিগেডে শপথগ্রহণের আগে ট্রাফিক নির্দেশিকা জারি
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। বঙ্গে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের।

    তবে মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শহরে একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, জনসাধারণের নিরাপত্তা, যানজট ও অসুবিধা এড়াতেই এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী ৯ মে বিভিন্ন সময়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই তালিকায় রয়েছে এসপ্ল্যানেড ব়্যাম্প, কেপি রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে।

    এছাড়াও, ৯ মে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ ও দুধবাহী গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

    জানানো হয়েছে, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বর ও সংলগ্ন এলাকায় কোনও ধরনের যানবাহন পার্কিংয়ের অনুমতি থাকবে না। নিষিদ্ধ পার্কিং এলাকার মধ্যে রয়েছে হেস্টিংস মোড় থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও লাভার্স লেন।

    পুলিশ আরও জানিয়েছে, শোভাযাত্রা ও ভিভিআইপি চলাচলের রুটে প্রয়োজন অনুযায়ী যান চলাচল সাময়িকভাবে বন্ধ, ঘুরিয়ে দেওয়া বা পার্কিং নিষিদ্ধ করা হতে পারে। ট্রাম চলাচলেও প্রভাব পড়তে পারে।

    জানানো হয়েছে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত বা পরিস্থিতি অনুযায়ী এই বিধিনিষেধ কার্যকর থাকবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন প্রধান ও সংযোগকারী রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দিতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)