• তৃণমূলের কাউকে বিজেপিতে ঢুকতে দেব না, বিস্ফোরক রত্না দেবনাথ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৬
  • ভোট-পরবর্তী হিংসা ঘিরে ফের উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন পানিহাটিতে বিজেপির নবনির্বাচিত বিধায়ক রত্না দেবনাথ। তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী নিজেদের গায়ে গেরুয়া রং লাগিয়ে বিজেপি সমর্থক সেজে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, তৃণমূলের কোনও কর্মীকে বিজেপিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

    রত্না দেবনাথ বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় শেষ হয়ে গিয়েছে। তবুও তিনি এখনও পরাজয় মানতে চাইছেন না। এই হিংসার পিছনে সেই মানসিকতাই কাজ করছে।’ তাঁর অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী বিজেপির নাম ব্যবহার করে এলাকায় ভাঙচুর ও হিংসার ঘটনা ঘটাচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

    পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি বিধায়ক আরও বলেন, ‘আমি কোনও তৃণমূল কর্মীকে আমাদের দলে ঢুকতে দেব না। কোনও দুষ্কৃতীকেও জায়গা দেওয়া হবে না।’ তাঁর দাবি, ভোটের ফল ঘোষণার পরেও পানিহাটির একাধিক এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠছে।

    এই ঘটনাগুলি নিয়ে ইতিমধ্যেই তিনি দু’টি থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন রত্না দেবনাথ। তাঁর কথায়, ‘পুলিশের তরফে বলা হয়েছিল অভিযুক্তরা নাকি আমার ঘনিষ্ঠ। আমি স্পষ্ট বলেছি, ঘনিষ্ঠ হলেই কেউ আইনের ঊর্ধ্বে হয়ে যায় না। আমি ভুল করলেও আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’

    তিনি আরও জানান, পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সেই ঘটনায় চার জন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচারও হয়েছে বলে দাবি করেন তিনি।

    পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক। তাঁর বক্তব্য, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রাঠের মৃত্যুর ঘটনাকেও ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করেছেন রত্না দেবনাথ। তিনি বলেন, ‘খবরটা শোনার পর থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছি। চন্দ্রনাথ খুব ভাল মানুষ ছিলেন। শুভেন্দুদা না থাকলেও তিনি আমাদের বাড়িতে আসতেন। তাই তাঁর মৃত্যু মেনে নিতে পারছি না।’

    নিজের কেন্দ্রের মানুষের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। রত্না দেবনাথ জানিয়েছেন, এলাকার মানুষ ইতিমধ্যেই বিভিন্ন সমস্যার কথা তাঁকে জানিয়েছেন। খুব শীঘ্রই তাঁদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)