বিধানসভার ভোলবদল! খোলা হচ্ছে বিদায়ী মন্ত্রীদের নামফলক, চলছে র্যাম্প তৈরি
প্রতিদিন | ০৮ মে ২০২৬
১৫ বছর পর রাজ্যের বিধানসভা (West Bengal Assembly) ভবনের ভোলবদল! ছাব্বিশের ভোটে ইতিহাস গড়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। শনিবার, রবীন্দ্রজয়ন্তীতে নতুন সরকার গঠন, শপথ নেবেন মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত বিধায়ক। এরপর মন্ত্রিসভার কাজ শুরু হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রীর দপ্তর হতে চলেছে বিধানসভার একটি অংশে। আর সেই উপলক্ষে নতুন করে সেজে উঠছে বিধানসভা ভবন। গেরুয়া আলোয় সাজানো হচ্ছে গোটা ভবনটি। ভিতর থেকে বিদায়ী মন্ত্রীদের নামফলক খুলে ফেলা হয়েছে। খোলা হয়েছে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামফলকও। শুধুমাত্র স্পিকার ও মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে ফলক রাখা হয়েছে। শনিবারের পর নতুন নির্বাচিত স্পিকার ও মুখ্যমন্ত্রীর নাম সেখানে বসানো হবে।
বিধানসভার এই নবকলেবরের মাঝে সবচেয়ে চমকপ্রদ হল র্যাম্প তৈরি। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘর থেকে বিধানসভার যেদিকে বাগান, সেদিক দিয়ে বেরনোর জন্য তৈরি হচ্ছে নতুন স্থায়ী র্যাম্প। তার রং লালচে।
জানা যাচ্ছে, শনিবার ব্রিগেড ময়দানে নতুন বিধায়কদের শপথের পরই বিধানসভায় এসে বসতে পারেন ভাবী মুখ্যমন্ত্রী। এটা অবশ্য প্রতীকী। তবে যেহেতু আপাতত এখানেই মুখ্যমন্ত্রী ও সচিবালয়ের কাজ চলবে, তাই শনিবার থেকে বন্ধ রাখা সব ঘর খুলে যাবে। শনিবার জন্য সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছে, বিজেপি সরকারের কাজ আর নবান্ন থেকে নয়, ঐতিহাসিক মহাকরণ থেকে পরিচালিত হবে যাবতীয় কর্মকাণ্ড। সেই কারণে মহাকরণ সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে তাতে বেশ কিছুটা সময় লাগবে বলে আপাতত বিধানসভা থেকে চলবে মন্ত্রিসভার কাজ।
আরও জানা গিয়েছে, আগামী ৬ মাস বিধানসভা থেকে সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর পুরনো ঘরেই নতুন মুখ্যমন্ত্রী বসবেন। সচিবালয় বসছে একই ক্যাম্পাসে থাকা প্ল্যাটিনাম জুবিলি হলে। সেই উপলক্ষে রীতিমতো নতুন সাজ চলছে। সূত্রের খবর, গোটা ভবন গেরুয়া আলোয় মুড়ে ফেলা হবে। তার জন্য ৩৫০ টি আলোর সেট আনা হয়েছে।