• মাধ্যমিকে প্রথম অভিরূপ, মার্কশিটে কোন বিষয়ে কাটল মাত্র ২ নম্বর?
    এই সময় | ০৮ মে ২০২৬
  • মাধ্যমিকের রেজ়াল্ট প্রকাশ হতেই রায়গঞ্জে খুশির আবহ। ২০২৬ সালে মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলার অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৮। তার রেজ়াল্টে কার্যত গর্বিত অভিরূপের পরিবার থেকে স্কুল সকলে।

    তবে ৯ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই নম্বর পাওয়া মুখের কথা নয়। বিজ্ঞান বিষয় থেকে সাহিত্য সবেতেই প্রায় 'ফুল মার্কস' পেয়েছে অভিরূপ। বাংলা ও অঙ্কে তার প্রাপ্ত নম্বর ১০০। ইংরেজি ছাড়া সব বিষয়েই অভিরূপ ১০০ পেয়েছে। শুধু ইংরেজিতেই ২ নম্বর কম পেয়েছে সে। এই বিষয়ে তার প্রাপ্ত নম্বর ৯৮। সব বিষয় মিলিয়ে ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়েছে অভিরূপ।

    তার এই সাফল্যে তার মায়ের অবদান অনেকটাই। অভিরূপ জানিয়েছে, ‘আজ আমি যা হয়েছি তার সবটাই মায়ের জন্য। যেহেতু আমার বাবা নেই, তাই মা আমার সমস্ত দায়িত্ব পালন করেছেন। আমার যখন যা দরকার হয়েছে সবই মা করেছেন।’ স্কুলের শিক্ষকরাও যথেষ্ট সাহায্য করেছে তাকে। মাধ্যমিকে প্রথম হওয়ার খবর পেয়ে অভিরূপ বলেছে, ‘ভালো ফল করব এই আশা ছিল। র‌্যাঙ্ক করার কথাও ভেবেছিলাম। পরীক্ষা দেওয়ার পরই বুঝেছিলাম ৯৮ শতাংশ নম্বর পেতে পারি। কিন্তু এতটা ভালো ফল হবে, এটা ভাবিনি। এই রেজ়াল্ট দেখে আমি খুব আনন্দিত।’

  • Link to this news (এই সময়)