• রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাল বিজেপি
    আজকাল | ০৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই লোকভবনে গিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের দাবি পেশ করল বিজেপি। রাজ্যপাল আর এন রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষরিত চিঠি তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব। 

    এদিন শুভেন্দুর সঙ্গে লোকভবনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তাপস রায়, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষদীয় দলনেতা বাছাইয়ে সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম স্থির হয়েছে।

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা পদত্যাগ না করায় সকলেরই নজর ছিল রাজ্যপাল কী পদক্ষেপ করেন। কারণ ৭ মে মধ্যরাতে মেয়াদ শেষ হচ্ছিল মমতার নেতৃত্বাধীন সরকারের। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতার নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। এর অর্থ মমতার মন্ত্রিসভার আর কোনও ক্ষমতা নেই। তবে মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এখনও বহিষ্কার করেননি রবি। এমনকি তাঁকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর হিসেবে কাজ চালানোক কথা বলা হয়নি। 

    শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন শুভেন্দুরা। আগমীকাল শনিবার, ৯ মে শপথগ্রহণ করবে নতুন মন্ত্রিসভা। বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু এবং অন্যান্য মন্ত্রীরা। কাকে কোন মন্ত্রীত্ব দেওয়া হবে সেই দিকে নজর সকলের। বঙ্গে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে চেপে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা মোদির।  
  • Link to this news (আজকাল)