ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা বেজে গিয়েছে। শুক্রবারের আকাশ বেশ কিছু মেঘলা। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন বোলপুরের মানুষ। আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চলে গিয়েছে অদ্ভুত এক আলোর রেখা। আবার কিছুটা দূরে কোনও একটি আলোর উৎস খুব দ্রুত উড়ে যাচ্ছে যেন। বেশ কয়েকজন উৎসাহী ব্যক্তি সেই ভিডিয়ো করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
৮মে দেখা যাওয়া ওই আলো কীসের, আলোর রেখাই বা কীসের তা স্পষ্ট হয়নি। নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে এলাকায়। বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভাশিস গড়াই বলেছেন, ভিডিয়ো দেখে অনুমান করছি গতিশীল কোনো আকাশযান হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তার পরেই দেখা যায় আকাশে এই একই ধরনের আলো নানা জায়গা থেকে দেখা গিয়েছে। ওডিশার নানা জায়গা থেকে দেখা গিয়েছে আলো। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে বাংলাদেশেও নাকি আকাশে এমন আলো দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভিডিয়ো দেখা গিয়েছে, তার সঙ্গে বোলপুরের আকাশে এই ধরনের আলোর মিল রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ডিআরডিও (DRDO) কোনও বিশেষ ধরনের মিসাইল টেস্ট করেছে (Missile Test Fire)। ৭মে ডিআরডিও TARA (Technical Advanced Range Augmentation) পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। সে কথা তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল। কিন্তু এই আলো ৮মে-র। এ দিন কোনও মিসাইল টেস্ট করার কথা শুক্রবার রাত পর্যন্ত জানায়নি ডিআরডিও। তবে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এটা অগ্নি সিরিজ়ের কোনও নতুন মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ। তবে নির্ভরযোগ্য কোনও সূত্র বা কেন্দ্রের তরফে এই দাবির পক্ষে কোনও নির্দেশিকা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বঙ্গোপসাগরের উপকূল এলাকা এবং তার কাছাকাছি থাকা এলাকার আকাশে একই ধরনের আলোর রেখা দেখা গিয়েছে। যদিও তার উৎস কী, তা নিয়ে এখনও রয়েছে ধন্দ।