• চন্দ্রনাথ রথের সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি কে? শুট আউটের সময় ছিলেন গাড়িতেই
    এই সময় | ০৯ মে ২০২৬
  • সৌমেন রায় চৌধুরী

    গাড়ি ঘিরে ধরে গুলি করে চন্দ্রনাথ রথকে যখন খুন করা হয়েছিল। তখন গাড়িতে চন্দ্রনাথ এবং তাঁর গাড়িচালক ছাড়াও আরও একজন উপস্থিত ছিলেন। অবশেষে খোঁজ মিলল সেই তৃতীয় ব্যক্তির। ঘটনার পরে ওই ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তার পরেই কার্যত হাওয়ায় উড়ে গিয়েছিলেন তিনি। ওই ব্যক্তির নাম মন্টু মণ্ডল। খোঁজ করতে করতে তাঁর বাড়িতে পৌঁছয় এই সময়। কিন্তু চোখের সামনে ওই হত্যাকাণ্ড দেখে তিনি ‘ট্রমা’য় রয়েছেন বলে জানালেন তাঁর দাদা। কারও সঙ্গে কথা বলছেন না।

    ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন মন্টু মণ্ডলের দাদা ঝন্টু মণ্ডল। তিনি জানিয়েছেন, তাঁর ভাইয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছেন তিনি। ঝন্টু জানালেন, তাঁর ভাই মন্টু জানিয়েছেন তিনি গাড়িতে পিছনের আসনে বসেছিলেন। কিন্তু রাস্তার দিকের গেটের কাছে নয়, অন্যদিকে। গাড়ির মাঝের সিটে ব্যাগ ও কাগজপত্র ছিলো, যেমনটা প্রতিদিন থাকে। মন্টুর মতে, যারা গুলি চালিয়েছিল তারা ওকে দেখতে পায়নি। সেই কারণেই তিনি বেঁচে গিয়েছেন বলে তাঁর ধারণা।

    মন্টু চন্দ্রনাথ রথের কাছেই কাজ করত। বারাসাত বিজয় নগর এলাকায় তাঁর বাড়ি। ঝন্টু বললেন, ‘ওই ঘটনার পরে মন্টু কাঁদতে কাঁদতে অনেক সাহায্য চেয়েছে দু-একজন ছাড়া কেউ এগিয়ে আসেনি।’ তাঁর দাবি, এখন সংবাদমাধ্যমের সামনে অনেকেই নিজেকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করছেন, কিন্তু ঘটনার সময়ে তাঁদের পাওয়া যায়নি। সেই সময়ে অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত ছিল বলে অভিযোগ ঝন্টুর। সেদিন আরও দ্রুত সাহায্য পেলে গাড়ির ড্রাইভার আরও আগে চিকিৎসা পেতেন বলে তাঁর দাবি। ঝন্টু জানিয়েছেন তাঁর ভাই মণ্টু গাড়ি চালাতে পারেন। দুষ্কৃতীরা গাড়িচালককেও গুলি করেছিল। তখন মণ্টুই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যায়।

    ঝন্টু জানাচ্ছেন, তাঁর ভাই জানিয়েছেন তিনি গাড়ির একদম পিছনে ছিলেন। গুলি শুরু হতেই নীচে বসে পড়ে মন্টু। গুলির আওয়াজ বন্ধ হতে উপরে উঠে তিনি দেখেন সব শেষ। এই ঘটনার পরে চন্দ্রনাথ রথের ফোন বেজে ওঠে। সেই ফোন রিসিভ করেন মন্টু, ফোনের ও পারে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মন্টুর মুখ থেকেই জানতে পারেন চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে।

    মন্টু মণ্ডলের সঙ্গে ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা কথা বলেছেন, মধ্যমগ্রাম থানা থেকেও যোগাযোগ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)