• নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে বিধানসভায়, রাইটার্স সংস্কার শেষের আগে সেখানেই সচিবা‍লয়
    এই সময় | ০৯ মে ২০২৬
  • এই সময়: বাংলায় নতুন সরকার আজ, শনিবার শপথগ্রহণের পরে কোথায় হবে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক? কোথায় বসবেন নতুন মুখ্যমন্ত্রী? এ নিয়ে বিস্তর জল্পনা চলছে গত ক’দিন ধরে। তবে শুক্রবার রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংসের তিনতলায় মুখ্যমন্ত্রীর কক্ষ তৈরির কাজ পুরোদমে চললেও তা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমন নয়। তাই আ‍পাতত শপথ গ্রহণের পরে নতুন মুখ্যমন্ত্রী বসবেন বিধানসভা ভবনে।

    সেখানে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘর রং করে তৈরি রাখা হয়েছে। বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিলেন, ক্ষমতায় এসে নবান্ন নয়, রাজ্য সচিবালয় চলবে রাইটার্স বিল্ডিংস থেকে। তবে মহাকরণের সংস্কার এখনও অনেকখানি বাকি থাকায় সূত্রের দাবি, আজ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে একবার সেখানে যেতে পারেন। তারপরে তাঁর চলে যাওয়ার কথা বিধানসভায়। সেখানে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে দু’টি হ‍ল আছে। একটি হলে গোল টেবিল বৈঠকের ব্যবস্থা রয়েছে। সেখানেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা।

    বিধানসভায় প্রত্যেক দপ্তরের মন্ত্রীর জন্য বসার নির্দিষ্ট ঘর রয়েছে। এ দিনই সেখানে আগের সরকারের মন্ত্রীদের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। রংয়ের কাজ সম্পূর্ণ করে ফেলেছে পূর্তদপ্তর। সূত্রের খবর, মহাকরণে সংস্কারের জন্য আপাতত মাস ছয়েক বিধানসভা থেকে সচিবালয় চালাতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। প্ল্যাটিনাম জয়ন্তী ভবন ছাড়াও বিধানসভার মূল ভবনের দোতলায় বিজয় ব্যানার্জী কক্ষ রয়েছে। সেখানেও মন্ত্রিসভার বৈঠক বসার সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয় বা সিএমও-র আধিকারিকরা আপাতত বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে বসবেন বলেই ঠিক হয়েছে। এই ভবনে দু’টি হল, গ্রন্থাগার ছাড়াও পর্যাপ্ত জায়গা রয়েছে। কোনও দপ্তরের মন্ত্রী বা সচিবের সেখান থেকে অফিসে করতে কোনও সমস্যা হবে না। রাইটার্স বিল্ডিংসের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেলে গোটা সচিবালয় সেখানে উঠে আসার কথা। তবে নবান্নে মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রী না–বসলেও কিছু দপ্তর সেখানে থাকতে পারে।

    নতুন সরকার মহাকরণ থেকে চ‍লবে— এটা ঘোষণা হতে শুধুমাত্র ভিভিআইপি ব্লকের তিনতলার যেটুকু অংশের কাজ হয়েছে, সেখানে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী–সহ কয়েকজন মন্ত্রীর ঘর তৈরির প্রস্তুতি চলছে। তবে নতুন মন্ত্রিসভার সব সদস্যের বসার জায়গা সেখানে এখনই হবে না। সংস্কার হয়নি ক্যাবিনেট রুমও। মুখ্যমন্ত্রীর জন্য তিনতলায় ঘরের কাজ অনেকটা হয়ে গেলেও করিডর ধরে ভগ্নপ্রায় ক্যাবিনেট রুমের দিকে যাওয়ার রাস্তা এখনও অসম্পূর্ণ। নতুন সরকারের কাছে রাইটার্সের সংস্কারের কাজ প্রাধান্য পাবে বলেই মনে করছেন অনেকে।

    শুক্রবার সন্ধ্যা থেকেই বিধানসভা ভবন গেরুয়া আলোয় ঝলমলিয়ে উঠেছে। সেখানে ৮০০টি আলোর সেট বসানো হয়েছে। আজ শনিবার, সরকারি ছুটি। কিন্তু নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে বিধানসভা ভবনে এসে বসবে বলে বিধানসভার কর্মীদের ছুটি আপাতত বাতিল করা হয়েছে।

  • Link to this news (এই সময়)