দমদম বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে গাড়িতে ব্রিগেডে যাবেন তিনি।
ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে শুক্রের সকালেই কলকাতায় পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই বিমানবন্দরে ল্যান্ড করলেন তিনি। এখান থেকে চপারে ব্রিগেড গ্রাউন্ডে রওনা হবেন প্রধানমন্ত্রী।
বাংলার মুখ্যমন্ত্রী পদে আর কিছুক্ষণের মধ্য়েই শপথ নেবেন শুভেন্দু অধিকারী। সেই শপথ অনুষ্ঠান সরাসরি দেখানো হবে কাঁথিতেও। শপথ অনুষ্ঠান দেখার জন্য স্ক্রিন লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে।
শপথের জন্য বাকি আর হাতে গোনা সময়। চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন বাংলার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতায় পৌঁছলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সকালেই শহরে পৌঁছে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
ব্রিগেড ময়দানে শপথের জন্য তৈরি মঞ্চের এক দিকে যেমন রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তেমনি রয়েছে মা দুর্গার প্রতিকৃতি ও কালীঘাট মন্দিরের ছবিও। সকাল থেকে ব্রিগেড চত্বরে মাইকে বাজছে রবীন্দ্র সঙ্গীত।
ঝাড়গ্রামে প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। কটাক্ষ, পাল্টা কটাক্ষের তরজা শেষে গেরুয়া ঝড়ে মসনদ থেকে বিদায় তৃণমূলের। শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে সেই জয়কে উদযাপন করতে ঝালমুড়িতে মেতেছেন সমর্থকেরা। ব্রিগেড ময়দানে একাধিক ঝালমুড়ি স্টলের আয়োজন রয়েছে।
সকাল থেকেই সব রাস্তা ব্রিগেডমুখী। মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান হাতে মোদীর ছবি নিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথের সাক্ষী হতে জেলা থেকে কলকাতার পথে বিজেপি নেতা-কর্মীরা।
প্রচারেই বিজেপি সরকারের শপথে কলকাতায় উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সকালেই শহরে আসছেন তিনি। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং–সহ আরও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তো থাকবেনই। আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের ২৩ জন মুখ্যমন্ত্রীকেও।
ব্রিগেডে শপথগ্রহণ চলাকালীন বিভিন্ন রাজ্যে স্থানীয় স্তরে বিজেপির তরফে লাড্ডু বিলিরও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
গেরুয়া ঝড়ে তৃণমূলের ১৫ বছরের দুর্গের পতনের পরে আজ, ৯ মে বাংলায় নয়া সরকারের শপথ। ব্রিগেডের মাঠে সকাল ১০টায় শপথ নেবেন বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও শপথ নেবেন ক্যাবিনেটের অন্য মন্ত্রীরাও। কে বা কারা মন্ত্রী হচ্ছেন, সেই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি।