• ব্রিগেডে মিষ্টিমুখ করতে মোদীশ্রী রসগোল্লা, শঙ্খপদ্ম সন্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুধু রাজনৈতিক আবহই নয়, থাকছে বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টিরও বিশেষ আয়োজন। অনুষ্ঠানে আগত মানুষের জন্য তৈরি করা হয়েছে একাধিক নামী মিষ্টির দোকানের স্টল। সেখানে মূল আকর্ষণ রসগোল্লা ও সন্দেশ, তবে সবকিছুতেই থাকছে গেরুয়া রং ও পদ্মফুলের বিশেষ থিম।

    কে সি দাস, ব্যাতাই এবং বাঞ্ছারামের মতো জনপ্রিয় মিষ্টির দোকান ব্রিগেডে তাদের স্টল সাজিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ২০ টাকা থেকে মিষ্টির দাম শুরু হবে এবং বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি মজুত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা বহু মানুষ মিষ্টিমুখ করবেন বলেই আশা ব্যবসায়ীদের।

    বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ‘মোদীশ্রী রসগোল্লা’। কে সি দাসের কর্ণধার ধীমানচন্দ্র দাস জানান, কেসর ও জাফরান ফ্লেভারের এই বিশেষ রসগোল্লা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য রাজভবনে পাঠানো হয়েছিল। সেই সূত্রেই এর নাম দেওয়া হয়েছে ‘মোদীশ্রী রসগোল্লা’। অন্যদিকে ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার সৈকত পাল জানিয়েছেন, তাঁদের স্টলেও নতুন ধরনের নানা মিষ্টির সম্ভার থাকবে।

    রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে বাঙালির সংস্কৃতি ও খাদ্যঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। এদিকে বিজেপির প্রতীক পদ্মফুলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারেও তার প্রভাব পড়েছে। পাইকারি বাজারে একসময় ১-২ টাকায় বিক্রি হওয়া পদ্ম এখন ৮-১০ টাকায় বিকোচ্ছে, আর খুচরো বাজারে দাম পৌঁছেছে ২০-৩০ টাকায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)