• নবগঠিত সোমনাথ মন্দিরের ৭৫ বর্ষপূর্তি উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নয়াদিল্লি: আগামী সোমবার ফের সোমনাথ মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার। বৃহস্পতিবার তিনি নিজেই সেকথা জানিয়েছেন। ‘সোমনাথ এবং ভারতের অজেয় চেতনা’ শীর্ষক এক নিবন্ধে প্রধানমন্ত্রী স্বয়ং লিখেছেন, ‘২০২৬-এর শুরুর দিকে সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে আমি সেখানে গিয়েছিলাম। সোমনাথ মন্দিরে প্রথম হামলার হাজার বছর উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠান। ১১ মে আমি আবার সোমনাথে যাব। এবারের উপলক্ষ্য দেশের তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের হাতে নবগঠিত মন্দিরটির উদ্বোধনের ৭৫ বছর উদযাপন। অর্ধবর্ষেরও কম সময়ের মধ্যে সোমনাথ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনে যোগ দিতে পারা আমার কাছে সৌভাগ্যের। ধ্বংসাবশেষ থেকে এই মন্দির যেভাবে নতুন সাজে সেজে উঠেছে, তাকে ধ্বংস থেকে সৃষ্টির এক অসাধারণ যাত্রা বলা যায়।’ তিনি এও লিখেছেন, ১৯৫১ সালে মন্দির গড়ার কাজ সম্পূর্ণ হলে উদ্বোধনের জন্য ভারতের রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তীব্র আপত্তি সত্ত্বেও ডঃ প্রসাদ ওই অনুষ্ঠানে এসেছিলেন।

    অত্যাচারের বিরুদ্ধে দেশের যে বীরেরা রুখে দাঁড়িয়েছেন তাঁদের স্মরণ করার কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর কলমে। লিখেছেন সোমনাথ মন্দিরের ইতিহাসও। মোদি জানিয়েছেন, সোমনাথ থেকে কাশী, কামাখ্যা থেকে কেদারনাথ, অযোধ্যা থেকে উজ্জয়িনী, ত্রম্ব্যকেশ্বর থেকে শ্রীশৈলম— দেশের আধ্যাত্মিক কেন্দ্রগুলিকে ঐতিহ্যগত বৈশিষ্ট্য বজায় রেখেই অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ করে তুলেছে তাঁর সরকার। এর ফলে স্থানীয় অর্থনীতি বিকশিত হয়েছে, মানুষের উপার্জন নিশ্চিত হয়েছে এবং দৃঢ় হয়েছে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ধারণা। আগামী ১১ মে সোমনাথে যাওয়ার জন্য ভারতবাসীর কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেটা শুধুমাত্র পুণ্য অর্জন নয়, ভারতের অপরাজেয় আত্মাকে অনুভব করার জন্যও।
  • Link to this news (বর্তমান)