নয়াদিল্লি ও তিরুবনন্তপুরম: কেরলমের কুর্সিতে কে? উঠে এসেছে তিন দাবিদারের নাম। তাঁরা হলেন সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন এবং প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা। কংগ্রেস সূত্রে খবর, নব-নির্বাচিত বিধায়ক সহ রাজ্যের দলীয় নেতা, সাধারণ মানুষ ও জোটসঙ্গীদের সঙ্গে কথা বলার পর দিল্লি ফিরেছেন পর্যবেক্ষকের দায়িত্বে থাকা দুই নেতা অজয় মাকেন ও মুকুল ওয়াসনিক। তাঁরা রিপোর্ট পেশ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে। কংগ্রেস সূত্রেই জানা যাচ্ছে, দৌড়ে অনেক এগিয়ে রয়েছেন বেণুগোপাল। তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত। নির্বাচিত বিধায়কদের মধ্যে সংখ্যগরিষ্ঠের সমর্থন রাহুল ঘনিষ্ঠ বেণুগোপালের পাশেই রয়েছে বলে খবর। আবার জনগণের মধ্যে থেকে সাধারণ যে মতামত উঠে আসছে, তাতে এগিয়ে সতীশন। তবে পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পার্টি হাইকমান্ড।
পার্টির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকার পাশাপাশি ৬৩ বছরের বেণুগোপাল কেরলমের আলাপুঝা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদও। শেষ পর্যন্ত বেণুগোপালের নামেই পার্টি সিলমোহর দিলে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। আগামী সোমবার শপথগ্রহণ হতে পারে বলে খবর। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত থাকার কথা সুপারস্টার তথা তামিলনাড়ুর নয়া রাজনৈতিক তারকা টিভিকে প্রধান বিজয়।