টিভিকের সঙ্গে জোট, ‘দুঃসময়ে সঙ্গ ছাড়ি না’, কংগ্রেসকে কটাক্ষ অখিলেশের
বর্তমান | ০৯ মে ২০২৬
নয়াদিল্লি: ডিএমকের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়াই। ফল প্রকাশের পর টিভিকের সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত। তামিলনাড়ুতে কংগ্রেসের এই নীতি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এরইমধ্যে শতাব্দী প্রাচীন দলকে তীব্র কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক ডিএমকের স্ট্যালিন ও তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে অখিলেশ লিখলেন, ‘আমরা দুঃসময়ে সঙ্গ ছাড়ি না।’
অন্যদিকে তামিলনাড়ুতে কংগ্রেসের দ্বিমুখী নীতিকে সমালোচনা করেছেন দলের প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার। এই জোটবদলকে ‘বিরক্তিকর’ ও ‘নিম্নমানের রাজনীতি’ বলে সমালোচনা করেছেন তিনি। কংগ্রেসের এই জোটবদলের কারণে পিছনের দরজা দিয়ে বিজেপির দক্ষিণের রাজ্যটিতে প্রবেশের সুবিধা হল বলেও মন্তব্য করেছেন তিনি।