নয়াদিল্লি: ভোটদানের হারে পুরুষদের থেকে এগিয়ে রয়েছেন মহিলারা। সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে এই প্রবণতা। নির্বাচন কমিশনের তরফে এই পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে। এবারের নির্বাচনে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গের ভোটদানের হার। দু’দফায় মোট ৯৩.৭১ শতাংশ। প্রায় ৬ কোটি ৩৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। মহিলাদের ভোটদানের হার ৯৩.৮ শতাংশ। পুরুষের ক্ষেত্রে তা ৯২.০৬ শতাংশ। ফলতা কেন্দ্রে পুনরায় নির্বাচন হবে আগামী ২১ মে। সেখানেও এই হার বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
তামিলনাড়ুতেও ভোটদানের হার উল্লেখযোগ্য। ৮৫.০১ শতাংশ ভোট পড়েছে সে রাজ্যে। মোট ৫ কোটি ৭৪ লক্ষ ভোটারের মধ্যে ৪ কোটি ৮ লক্ষই ভোট দিয়েছেন। মহিলাদের ভোটদানের হার ছিল ৮৬.২ শতাংশ, যা পুরুষদের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। কেরল, অসম, পুদুচেরিতেও ভোটদানের হারে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারা। তবে নির্বাচিত মহিলা বিধায়কের সংখ্যা তুলনামূলক কম। পশ্চিমবঙ্গে ২৯৩ আসনের মধ্যে মাত্র ৩৭ জন মহিলা বিধায়ক নির্বাচিত হয়েছেন। তামিলনাড়ুতে সংখ্যাটা মাত্র ২৩ ও কেরলে মাত্র ১১। তৃতীয় লিঙ্গের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার হার অত্যন্ত কম বলে জানিয়েছে কমিশন। এবারের নির্বাচন পর্বে মাত্র দু’জন তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন। সেটাও তামিলনাড়ু ও কেরল থেকে। দু’জনেই হেরেছেন, জামানতও বাজেয়াপ্ত হয়েছে।