নারীর বিরুদ্ধে অপরাধ, বিজেপি শিবিরকে আক্রমণ কংগ্রেসের
বর্তমান | ০৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১২ বছরে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর ৪২ লক্ষ ৮৫ হাজার ৮৮৮টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তার পরেও প্রধানমন্ত্রী কীভাবে নারী বন্দনার কথা বলেন, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারি তথ্য হাতিয়ার করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এবার সুর চড়ালেন দলের মহিলা শাখার শীর্ষ নেত্রী অলকা লাম্বাও। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের এক মহিলা সাংসদের ছবি সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আঙ্গিকে ভাইরাল করার জন্য বিজেপির সমালোচনা করেছেন তিনি। অলকার প্রশ্ন, ‘এই বিজেপি বাংলায় মহিলাদের সম্মান দেবে কী করে?’সরকারি তথ্য সামনে রেখে অলকা লাম্বা এদিন জানান, দেশের মধ্যে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচারের অভিযোগে মামলা নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। ৬৬ হাজার ৬৯৮। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। ৪৭ হাজার ৯৫৪। রাজস্থানে ৩৬ হাজার ৫৬৩। কংগ্রেস মুখপাত্রর অভিযোগ, দেশে প্রতিদিন প্রায় ১০ জন দলিত মহিলা ধর্ষণের শিকার হন। প্রতি ৭০ মিনিটে গড়ে একজন মহিলা ধর্ষিতা হন। তাই কোনোভাবেই বিজেপির মুখে নারী বন্দনার কথা মানায় না। অন্যদিকে, এক্স হ্যান্ডলে মোদি সরকারের সমালোচনা করে মল্লিকার্জুন খাড়্গেও।