• শুভেন্দুর শপথে আমন্ত্রণ পেয়েছেন মমতা? কী বলছেন শমীক?
    প্রতিদিন | ০৯ মে ২০২৬
  • রাজ্যে প্রথমবার প্রতিষ্ঠিত হচ্ছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর সেই শপথের সাক্ষী সম্ভবত হচ্ছেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সূত্রের খবর, তৃণমূল নেত্রী ওই শপথে যাচ্ছেন না।

    প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক এবং আড়ম্বরে কোনও কমতি রাখতে নারাজ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে থাকছে বিশেষ অনুষ্ঠানও। শনিবারের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

    সৌজন্যের খাতিরে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, “প্রোটোকল মেনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।” আমন্ত্রণ পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়া কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

    তবে ব্রিগেডের সমাবেশে আজ থাকার সম্ভাবনা নেই মমতার। রবীন্দ্রজয়ন্তীতে কবিপ্রণাম করেই আবার রাজ্য-রাজনীতিতে জনতার দরবারে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, সূত্রের খবর, অনুমতি মেলেনি। জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই শনিবার বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন মমতা।
  • Link to this news (প্রতিদিন)