• শপথ গ্রহণের সাক্ষী থাকতে বাসে, ট্রেনে কলকাতামুখী বিজেপির কর্মী-সমর্থকরা, এবার শিলিগুড়িতে বসবে শ্যামাপ্রসাদের মূর্তি
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে বসবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। একথা জানান শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন। এদিকে, রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শামিল হতে কলকাতায় পাড়ি দিয়েছেন বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা। শুক্রবার শিলিগুড়ি জংশন ও এনজেপি থেকে ট্রেনে, বাসে করে অনেকে যান। আজ, শনিবার তাঁরা হাজির হবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শিলিগুড়ি শহর সহ মহকুমায় শ্যামাপ্রসাদের মূর্তি নেই। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানোর দাবি তোলেন বিজেপির একাংশ। দলের মিডিয়া সেলের সদস্য প্রীতম সিংহ বলেন, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি। তাই শহরে ও গ্রামে তাঁর মূর্তি বসানোর দাবি দলের নেতাদের কাছে জানিয়েছি।

    এই অবস্থায় ওই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি  পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন। তিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তিনি বলেন, আমার ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরণি রয়েছে। সংশ্লিষ্ট সরণির একটি মোড়ে তাঁর মূর্তি বসানো হবে। এব্যাপারে দলে আলোচনা  চলছে। মাটিগাড়া-নকশালবাড়ির পুননির্বাচিত বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, আমার বিধানসভা এলাকাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি  বসানো হবে। এজন্য জায়গা চিহ্নিত করার কাজ চলছে।

    অন্যদিকে, আজ শনিবার রাজ্যে নতুন সরকার গঠন হবে। এজন্য কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে বিজেপির শিলিগুড়ির কার্যকর্তা ও কর্মীদের একাংশ কলকাতায় পাড়ি দেন। এদিন বাস ও ট্রেনে করে আরও নেতা-কর্মীরা কলকাতার উদ্দেশে রওনা হন। আর যাঁরা যাবেন না তাঁরা শিলিগুড়িতে দলের বিভিন্ন কার্যালয়ে বসে শপথ গ্রহণ জায়ান্ট স্ক্রিনে দর্শন করবেন।

    বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, ওই শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের কাছে ঐতিহাসিক দিন। সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে এখান থেকে অসংখ্য কর্মী-সমর্থক কলকাতায় পাড়ি দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)