পায়ে ইট বেধে ভাগীরথীর জলে সদ্যোজাতকে ফেলে চম্পট, হাড়হীম করা ঘটনা
বর্তমান | ০৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ সকালে হাড়হীম করা ঘটনার সাক্ষী থাকল বহরমপুর। অভিযোগ, সদ্যোজাত একটি শিশুকে হাত ও পায়ে ইট বেঁধে ভাগীরথী নদীতে ফেলে দেওয়া হয়। আজ শুক্রবার সকালে বহরমপুরের কৃষ্ণণাথ কলেজ ঘাটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। দেরি না করে দ্রুত পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ এসে সদ্যোজাতের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত ওই শিশুকে হত্যার করার চেষ্টা করছিল এক যুবক। শিশুটিকে হাত-পায়ে ইট বেধে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টায় ছিল সে। স্থানীয়দের অনুমান, হয়তো কাউকে দেখতে পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু ওই সদ্যজাতকে সেখানে জলেই ফেলে পালায় অভিযুক্ত। এই নির্মম হত্যার ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসীরা। পুলিশ শিশুটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন। জিঞ্জাসাবাদ করা হচ্ছে এলাকার বিভিন্ন বাসিন্দাদের। কেন বা কী কারনে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।